Home » কলকাতায় বিদ্যা বালান, মহালয়ার পুণ্য লগ্নে কালীঘাটে পুজো দিলেন অভিনেত্রী

কলকাতায় বিদ্যা বালান, মহালয়ার পুণ্য লগ্নে কালীঘাটে পুজো দিলেন অভিনেত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু হয়ে যায়। এদিনের এই বিশেষ দিনটি অনেকেই মন্দিরে পুজো দিয়ে শুরু করেন। সেইমতো মহালয়ার পুণ্য লগ্নে সকাল থেকেই ভিড়ে জমজমাট কালীঘাট মন্দির। অগণিত ভক্তদের ভিড়ের মাঝেই এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে হাজির বিদ্যা বালান। সঙ্গে ছিলেন অভিনেত্রীর বোন ও ভগ্নিপতিও। দেবীপক্ষের প্রথম দিনই মাতৃ আরাধনা করে দুর্গাপুজোর সূচনা করলেন অভিনেত্রী।

বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালান। শুক্রবারই শহরে এসেছেন অভিনেত্রী। আর শনিবার সকাল সকাল কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিলেন ‘কাহানি’-র নায়িকা। এদিন, বিদ্যা বালানকে দেখা গেল একেবারে বাঙালি সাজে। পরনে ছিল লাল শাড়ি, চুল খোঁপা করা, কপালে লাল টিপ, কানে দুল। হাতে পুজোর ডালা নিয়ে খালি পায়ে মন্দিরে পৌঁছতেই অভিনেত্রীকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা। এদিন ভক্তদের সেলফি তোলার আবদারও মেটান অভিনেত্রী। বিদ্যা বালান জানিয়েছেন, তিনি একটি ব্যক্তিগত কাজে কলকাতা এসেছেন। আর শহরে এলেই কালীঘাটে পুজো দিতে আসেন।

আরও পড়ুন    মহালয়ার সকাল থেকে তর্পণের ভিড়, কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে কড়া পুলিশি নিরাপত্তা


প্রসঙ্গত, মহালয়া মানেই পুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই তর্পণ। তর্পণের জন্য শনিবার সকাল থেকেই ভিড় জমেছে গঙ্গার ঘাটগুলিতে। মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনার রীতি বহু যুগ ধরেই আমাদের এই সমাজে চলে আসছে৷ পূর্বপুরুষকে ভক্তিভরে পিণ্ডদানের মাধ্যমে তাঁদের আশীর্বাদ পাওয়ার আশায় মহালয়ার দিন প্রতিটি গঙ্গার ঘাটে চলে তর্পণের রীতি৷ মহালয়ার দিনেই দেবীর চক্ষু দান হয়। দক্ষিণেশ্বর থেকে শুরু করে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা,বাবুঘাট —প্রত্যেক বছরের মতো এবছরেও তর্পণ করতে সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে। প্রতিবছরের মতো এবছরেও অগণিত ভক্তরা এসেছেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। বহু মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করছেন। ঘাটগুলিতে ভিড় ছিল নজরে পড়ার মতো। কলকাতার সব ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন। বিভিন্ন জেলার ঘাটগুলির চিত্রও একই রকম।

About Post Author