Home » নিম্নচাপের জের,নবমীর দিনেই তুমুল ঝড় বৃষ্টি শুরু কলকাতায়

নিম্নচাপের জের,নবমীর দিনেই তুমুল ঝড় বৃষ্টি শুরু কলকাতায়

সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: ফের হাওয়া বদল! নিম্নচাপের জের, নবমীর দিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। এদিন দুপুর না হতেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় শুরু তুমুল ঝড় বৃষ্টি। যদিও বঙ্গে ধীরে ধীরে আদ্রতাজনিত অস্বস্তি কমবে। নবমী থেকে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বৃষ্টি বাড়বে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ভারী থেকে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপর তেমন পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন অর্থাৎ সোমবার থেকেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে। দ্বাদশী পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুজোয় শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন    ফাইট ব্যাক : বঞ্চনা আর প্রত্যাখ্যানের বিরুদ্ধে জবাবের অন্য নাম মহম্মদ শামি

হাওয়া অফিস সূত্রে খবর, নবমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আকাশ মেঘলা থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। নবমীর দিন দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ সকাল থেকেই মেঘলা। বিকেলের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একাদশী ও দ্বাদশীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নবমী ও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। পুজোর মুখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, কর্ণাটক ও তামিলনাড়ুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। হালকা বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে।

About Post Author