Home » মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নিশিকান্ত দুবেকে চিঠি অশ্বিনী বৈষ্ণবের

মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নিশিকান্ত দুবেকে চিঠি অশ্বিনী বৈষ্ণবের

সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। এবার রেলমন্ত্রী তথা কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার চিঠি দিলেন বিজেপি এমপি নিশিকান্ত দুবেকে। চিঠিতে তিনি লিখেছেন, ‘ন্যাশানাল ইনফরমাটিক্স সেন্টার সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করে। যারা এনআইসি থেকে সহায়তা পায় তাদের নির্দেশেই কাজ করে এনআইসি। ভারত সরকারের বিভিন্ন সংস্থায় সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করে এই এনআইসি। ইউজার অ্য়াকসেস, ওয়েবসাইট পলিসি সবটাই নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার উপর। লোকসভার ওয়েবসাইটের ক্ষেত্রে লোকসভার সচিবালয়ের এনআইসি থেকে পরিষেবা পাওয়া যায়।’ একইসঙ্গে অশ্বিনী বৈষ্ণব চিঠিতে জানিয়েছেন, লোকসভার এথিক্স কমিটি গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। এনআইসি লোকসভা সচিবালয় থেকে কোনও নির্দেশ পেলে তৎক্ষনাৎ সাড়া দেবে। এই ঘটনার তদন্তে এনআইসি পুরো সহযোগিতা করবে। নিশিকান্ত গোটা বিষয়টি স্পিকারকে জানিয়েছিলেন। এরপর স্পিকার গোটা বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেয়। এথিক্স কমিটি এনিয়ে তদন্তও করছে। তবে তার মধ্যে এনআইসির ভূমিকা জানিয়ে দিলেন আইটি মন্ত্রী।

আরও পড়ুন   মহুয়া মৈত্রর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ, হলফনামা দিলেন হীরানন্দানি

প্রসঙ্গত, শিল্পপতি দর্শন হিরানন্দনীর থেকে উপহার এবং অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে সংসদের এথিক্স কমিটি। কিন্তু এবার নিশিকান্তের বিরুদ্ধে সাত মাস আগে তিনি ডিগ্রি জালের যে অভিযোগ তুলেছিলেন, তা নিয়ে তদন্ত হচ্ছে না কেন এ বার সে প্রশ্ন তুললেন মহুয়া। মহুয়া মনে করিয়ে দিয়েছেন, গত বছর ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ঘরে ঢুকে গুন্ডামি করার অভিযোগে নিশিকান্তের বিরুদ্ধে এফআইআর করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার নিশিকান্ত এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর চিঠি পোস্ট করে মহুয়ার বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিলেন।

তার জবাবে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মহুয়া। সেই পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘তাঁর বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাঠানো চিঠি জাল ডিগ্রিধারীর কাছে আছে শুনে খুশি হয়েছেন তিনি। অপেক্ষা করছেন স্বরাষ্ট্র মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কবে বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ঘরে ফর্জি দুবের অবৈধ অনুপ্রবেশের তদন্ত করবে।’’  তবে, নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, মহুয়া যখন ভারতে, তখন দুবাই থেকে তাঁর সংসদীয় আইডিতে লগইন করা হয়েছিল হিরানন্দনির তরফে। এতে বিঘ্নিত হয়েছে গোটা দেশের নিরাপত্তা। এ বিষয়ে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার-কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে বলে দাবি জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী বৈষ্ণো চিঠিতে নিশিকান্তকে আশ্বাস দেন, এনআইসি এ সংক্রান্ত সমস্ত তথ্য দেবে তদন্তকারীদের। তবে, টুইটে পাল্টা দিয়েছেন মহুয়া মৈত্রও।

About Post Author