সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: মোরবির পর পালনপুর। ফের গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। মৃত অন্তত ২। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার পালনপুর থানার অদূরে ৫৮ নম্বর জাতীয় সড়কের আরটিও-র পাশে রেললাইনের উপর নির্মীয়মাণ সেতুর একটি খুঁটি এবং ছ’টি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। মর্মান্তিক এই সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম অজয় শ্রীমালি ও ময়ূর পারমার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তার খোঁজ চলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেতু দুর্ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা দেখা যাচ্ছে, সেতু ভেঙে চালক ও আরোহী-সহ একটি অটোরিকশা এবং একটি ট্রাক্টর চাপা পড়ছে।
আরও পড়ুন চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
জানা গিয়েছে, অটোরিকশাটি সেতুর নিচে দাঁড় করানো ছিল। তাতে একজন বসেছিলেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ। অন্যদিকে, ভেঙে পড়া সেতুর নির্মাণের ক্ষেত্রে কোনও গাফিলতি বা দুর্নীতি ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রসঙ্গত, গত বছর ৩০ অক্টোবর সন্ধ্যাবেলায় ছট পুজোর প্রার্থনা চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাচ্ছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু। মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাটি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় এই সেতু। কিন্তু ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল।

অত্যাধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান সেতুর উপরে থাকা সমস্ত মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। যদিও ওই সেতু বিপর্যয়ের ঘটনার পরই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে উঠে এসেছিল একের পর এক গাফিলতির অভিযোগ। প্রশাসন সূত্রে খবর,গত সাত মাস ধরে এই সেতুটি সংস্কার করা হয়েছিল। সংস্কারের জন্য অতি নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ১৪৩ বছরের পুরনো এই সেতুটি সংস্থারের আগে কোনও পরিকাঠামোগত অডিট করা হয়নি বলেও আদালতে জানায় পুলিশ। এমনকী লোকধারণের ক্ষমতা বিবেচনা না করেই সেতুটি খুলে দেওয়া হয়েছিল। এরপরই অভিযুক্ত ৯ জনকে গ্রেফতারও করা হয়েছিল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর