Home » পুজোতে মিটতেই এবার ডেঙ্গিতে মৃত্যু এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার

পুজোতে মিটতেই এবার ডেঙ্গিতে মৃত্যু এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: দুর্গাপুজো মিটতেই রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। দিনের পর দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর ঘটনার পরই বাড়ছে আতঙ্ক। এবার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু  হল এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার। মৃত ওই পড়ুয়ার নাম অনিমেষ মাখির। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়া এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তারপর রক্ত পরীক্ষা করাতেই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। এহেন পরিস্থিতিতে এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে রক্তক্ষরণও শুরু হয়ে গেছিল তাঁর। এরপর শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় অনিমেষের। ওই পড়ুয়ার মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রমণের সংখ্যা। জেলায় জেলায় বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে গত মাসেই রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলার বেশ কিছু নতুন রূপরেখা তৈরি করা হয়েছিল। এছাড়া রাজ্যজুড়ে ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের পুজোতে ছুটি বাতিল করা হয়েছিল। নবান্ন সূত্রে খবর, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিটি পুরসভার যেসব ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে সেইসব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জেলাশাসকরা। এছাড়াও কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন   ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় অস্বস্তিতে মহুয়া, এথিক্স কমিটির স্ক্যানারে মহুয়ার বিদেশ সফর

গ্রামাঞ্চলের ক্ষেত্রে ডেঙ্গি নির্মূল করার জন্য পঞ্চায়েত থেকে নিবিড় পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যজুড়েই বাড়ছে হটস্পট। সব থেকে বেশি হটস্পট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায়। সব থেকে খারাপ অবস্থা দমদম, বিধাননগর পুর এলাকা। তার সঙ্গে ইতিমধ্যেই নতুন যোগ হয়েছে কামারহাটি। এই হটস্পট এলাকাগুলোতে নোংরা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। স্ক্র্যাপ মেটিরিয়াল পরিষ্কার করা, নির্মাণস্থলগুলি পরিষ্কার রাখা, বন্ধ কারখানা চত্বর এবং পরিত্যক্ত জায়গায় যাতে জল না জমে তা নজর রাখার উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই হটস্পট এবং বস্তি এলাকাগুলিতে মশারি বিলি করা হয়েছে।

About Post Author