Home » মেরামতির কাজের জন্য টানা ৮ মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প রুট

মেরামতির কাজের জন্য টানা ৮ মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প রুট

সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: ফের যানজটের আশঙ্কা। বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য বুধবার অর্থাৎ আজ থেকে টানা আট মাস দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সব রকমের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গত পাঁচ বছর ধরে দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির চাপ বেড়েছে প্রায় ২১ শতাংশ। তাই সেতুর ভার বহন ক্ষমতার কাজ খুঁটিয়ে দেখা হবে। জানা গিয়েছে, ভারী ও মাঝারি পণ্যবাহী কোনও গাড়িকে বুধবার থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। যান চলাচলের ক্ষেত্রে বিকল্প কিছু রাস্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে।

তবে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলেও যানজটের আশঙ্কা থাকছেই। এই আট মাসের জন্য হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে যান চলাচল হবে। আর দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হাওড়া বা নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কোন রুট দিয়ে যানবাহন ঘোরানো হবে, তা ঠিক করতে মঙ্গলবারই কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ডহারবার জেলার পুলিশকর্মীরা। জানা গিয়েছে, ডি এল খান রোডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে হসপিটাল রোড, কে পি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে।

আরও পড়ুন   দুটি দর্শনীয় গোল, কঠিন প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

এর পাশাপাশি পোর্টের দিক থেকে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকেও দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে। পোর্ট ট্রাস্টের বেশ কিছু বড় গাড়িও এই দ্বিতীয় হুগলি সেতু হয়েই চলাচল করে। আপাতত সেগুলি রাত ১২টার বিদ্যসাগর সেতু দিয়েই যাতায়াত করবে। তবে অন্যান্য সব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িকে এই আট মাস নিবেদিতা সেতু হয়েই যাতায়াত করতে হবে। অন্যদিকে, এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে।

About Post Author