স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ নভেম্বর: বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল নিউজিল্যান্ড।বৃহস্পতিবার রবিন রাউন্ড গ্রুপে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তারা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ চারের আশা জিইয়ে রাখল ব্ল্যাকক্যাপরা।

যত খেলা গড়াচ্ছে, তত স্পষ্ট হচ্ছে বিশ্বকাপের শেষ চারের অঙ্কটা। ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গিয়েছে অনেক আগেই। আফগানিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে তাঁদের সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া। বাকি রয়েছে আরও একটি জায়গা। খাতায় কলমে ওই জায়গার লড়াইটা তিনটি দলের মধ্যে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছে আফগানিস্তান। বাকি রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই দলের লড়াইয়ে পড়শী দেশ পাকিস্তানকে পিছনে ফেলে দিল কিউয়িরা।

আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যে আচমকা অবসর নিলেন বিশ্বের সফলতম একদিনের অধিনায়ক
টসে জিতে বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। সেই সিধান্ত সঠিক প্রমাণ করলেন ট্রেন্ট বোউল্টরা। মাত্র ১৭৩ রানের গণ্ডিতে দ্বীপরাষ্ট্রের ইনিংসকে বেঁধে ফেললেন তাঁরা। যদিও লঙ্কা বাহিনীর হয়ে এদিন উল্লেখযোগ্য ইনিংস খেলেন কুশল পেরেরা। ২৮ বলে ৫১ রান করলেন তিনি। মারলেন ৯ টি চার ও ২ টি ছয়। চলতি বিশ্বকাপের দ্রুততম অর্ধশত রানের মালিক হলেন পেরেরা। ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করলেন। টপকে গেলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে। শেষের দিকে ব্যাট হাতে লড়াই করলেন মাহিশ থিকশানা। তাঁর ৯০ বলে অপরাজিত ৩৮ রানের সুবাদে লড়াই করার মত জায়গায় পৌঁছয় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের এদিনের সফলতম বলার ট্রেন্ট বোউল্ট। ৩৭ রানে ৩ উইকেট নিলেন এই বাঁ হাতি পেসার। ২১ রানে ২ উইকেট পেলেন রাচিন রবীন্দ্র। ২২ রানে ২ উইকেট মিচেল স্যান্টনারের। ৩৫ রানে ২ উইকেট লকি ফার্গুসনের।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করে নিউ জ়িল্যান্ড। ওপেনিং জুটিতে ওঠে ৮৬ রান। ডেভন কনওয়ে করলেন ৪২ বলে ৪৫ রান। ৯টি চার মারলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার। অপরদিকে রাচিনের অবদান ৩৪ বলে ৪২ রান। ৩টি করে চার এবং ছয় মারেন তিনি। ত্রয়োদশ ও চতুর্দশ ওভারে এই দুই ওপেনার আউট হলে দলের হাল ধরেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। মিচেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৩ রান। ৫টি চার এবং ২টি ছয় মারেন মিচেল। তবে এদিন বড় রান পাননি কেন উইলিয়ামসন ফেরেন ১৪ রানে। শেষের দিকে নিউজিল্যান্ডকে কাঙ্ক্ষিত জয় এনে দেন গ্লেন ফিলিপস ও টম ল্যাথাম।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?