Home » ঘোর অনিশ্চয়তার মধ্যে জয়সূর্য, সাঙ্গাকারাদের দেশের ক্রিকেট ভবিষ্যত

ঘোর অনিশ্চয়তার মধ্যে জয়সূর্য, সাঙ্গাকারাদের দেশের ক্রিকেট ভবিষ্যত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ নভেম্বর: বিশ্বকাপে রাউন্ড রবিন গ্রুপের গণ্ডি পেরোতে পারেনি দল। উপমহাদেশের মাটিতে ব্যর্থতার ধাক্কা সামলিয়ে ওঠার আগে, ফের একটা ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির কোপ পড়ল দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের উপর। সনৎ জয়সূর্য, মুরালিধরনের দেশকে নিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিচালনায় সেদেশের সরকারের হস্তক্ষেপের অভিযোগের ভিত্তিতে এহেন সিধান্ত বলে জানা গিয়েছে। এর ফলে যতদিন এই শাস্তি বহাল থাকছে ততদিন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় আর দেখা যাবে না ১৯৯৬ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশকে। এমনকি আসছে বছর জানুয়ারি মাসে যুব অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। তবে আইসিসির এই সিদ্ধান্তের ফলে সেই প্রতিযোগিতার ভবিষ্যত নিয়েও তৈরি হল ধোঁয়াশা।

আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যে আচমকা অবসর নিলেন বিশ্বের সফলতম একদিনের অধিনায়ক

শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় আইসিসির পক্ষ থেকে। সেখানে জানানো হয়েছে, শুক্রবার আইসিসির কমিটি বৈঠকে বসেছিল। সেখানেই সিধান্ত নেওয়া হয়েছে যে সদস্য দেশ হিসাবে গুরুতর নিয়ম ভেঙেছে শ্রীলঙ্কা। আইসিসি-র সদস্য হওয়ায় স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তবে সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আগামী ২১ নভেম্বর ফের বৈঠকে বসবে আইসিসি। ওই দিন আবার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের সফর সুখকর হয়নি দ্বীপরাষ্ট্রের কাছে। তার মধ্যে লজ্জার হারের মুখ দেখেছে ভারতের বিরুদ্ধে। ৩০২ রানে হারতে হয়েছে কুশল মেন্ডিসদের। এরপর নজিরবিহীন ভাবে সেদেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা সরকার। যা আইসিসির নিয়ম বহির্ভূত। এমনকি অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নামও সরকারিভাবে ঘোষণা করা হয়ে গিয়েছিল। পুরনো বোর্ডের প্রধান শাম্মি সিলভা আদালতে আবেদন করেন। সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিলেন তিনি। বরখাস্ত হওয়া বোর্ডকে পুরনো পদে বহাল করার রায় দেয় আদালত। বিস্তর ডামাডোলের মধ্যে এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নেমে এল আইসিসির খাড়ার ঘা।

About Post Author