Home » আর্জেন্টিনা সমর্থকদের উপর বর্বরোচিত লাঠিচার্জ ব্রাজিল পুলিশের, মাঠে জবাব দিলেন মেসিরা

আর্জেন্টিনা সমর্থকদের উপর বর্বরোচিত লাঠিচার্জ ব্রাজিল পুলিশের, মাঠে জবাব দিলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বর: ব্রাজিল আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা ছড়াল গ্যালারিতে। খেলা শুরু হওয়ার আগে হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আর্জেন্টিনা সমর্থকদের উপর লাঠিচার্জ করতে দেখা গেল ব্রাজিল পুলিশকে। তবে সেই লাঠিচার্জের নিশানায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। এই ঘটনা তাতিয়ে দেয় গোটা আর্জেন্টিনা দলকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে সেই শোধ তুললেন মেসিরা। খেলার ফল বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে ১-০। আকাশী সাদা ব্রিগেডের হয়ে গোল করেন নিকোলাস ওটামেন্ডি।

লাতিন আমেরিকার ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ফুটবল দ্বৈরথ ফুটবল বিশ্বে সুপার ক্লাসিকো বলে পরিচিত। দুই বছর আগে শেষবারের মত ব্রাজিলে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। সাও পাওলোতে সেই ম্যাচ পণ্ড হয়ে যায় কোভিড বিধি ভাঙার অভিযোগে। আরও একবার খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বুধবার। তবে ভিন্ন কারণে। ভারতীয় সময় ভোররাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামেন মেসিরা। ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দেশ। তবে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। অভিযোগ আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালীন কটূক্তি করেন কিছু ব্রাজিল সমর্থক। বাকযুদ্ধ পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। গ্যালারিতে শান্তি ফেরাতে অবলীলায় লাঠি চার্জ করে ব্রাজিল পুলিশ। দুই দলের দুই অধিনায়ক মেসি ও মারকুইনহোস পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেন। যদিও লাভ হয়নি। পরিস্থিতি শান্ত হয়ে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর।

আরও পড়ুন   রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল মহারণ, চোট আঘাতে জর্জরিত ব্রাজিলকে সমীহ বিশ্বজয়ী কোচের

সেই উত্তাপের আঁচ ছড়িয়ে পড়ে মাঠেও। ম্যাচের শুরুতে ঝামেলায় জড়িয়ে পড়েন মেসি ও রড্রিগো। ছোট ছোট পাস খেলে অ্যাটাকিং থার্ডে আক্রমণ তৈরি করছিলেন রদ্রিগো-জেসুসরা। অপরদিকে বলকে নিয়ন্ত্রণে রেখে আক্রমণ গড়ে তুলছিলেন আলবিসেলেস্তেরা। তবে দুই দলের মধ্যে স্কিলের লড়াই কম, অকারণ ফাউল এবং মারপিট বেশি চোখে পড়ল। তারমধ্যে প্রথমার্ধের শেষে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ৪৪ মিনিটে মার্তিনেল্লির শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আর্জেন্টিনার এক ডিফেন্ডার। প্রথমার্ধে মোট ২২ টি ফাউল করে দুই দল। তারমধ্যে ঘরের মাঠে ব্রাজিল ফাউল করে মোট ১৬ টি।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার উপর চাপ বজায় রাখে ব্রাজিল। তবে গোল দূর্গ অক্ষত রাখতে সক্ষম হয় বিশ্বচ্যাম্পিয়নরা। খেলার ৫৮ তম মিনিটে মার্টিনেল্লির প্রয়াস দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। খেলার ৬৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লো সেলসোর কর্ণার থেকে দারুণ হেড করেন নিকোলাস ওটামেন্ডি। বল অ্যালিসনকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন আর্জেন্টিনার কোচ। খেলার ৮১ মিনিটে ফের ধাক্কা খায় ব্রাজিল। লালকার্ড দেখে মাঠ ছাড়েন জোয়েলিংটন। বাকি সময়ে আর গোলে শোধ করতে পারেনি ব্রাজিল। বাছাই পর্বে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। অপরদিকে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

About Post Author