Home » ফের হাওয়া বদল, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ফের হাওয়া বদল, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে তা এগিয়ে যাবে। যদিও সাইক্লোনের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। রাজ্যে তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হতে শুরু করেছে। তারই মধ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। বুধবার বিকেলের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন  উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?

হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই ঠাণ্ডার পরিমাণ বাড়বে। এদিকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৭৬ শতাংশ। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। গত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ ছিল। কিন্তু, এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে।

 

পূর্বাভাস বলছে, নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় সোমবার বৃষ্টি হবে। এদিকে, মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

About Post Author