Home » সাত দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাত দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বরঃ পাখির চোখ লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই সাত দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। সফরের মাঝে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অধিকাংশই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন     পড়ুয়াদের তাণ্ডবে স্কুলকর্মীর প্রাণ গেল উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ায়

প্রশাসনিক সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরে গিয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন। এই দুই অনুষ্ঠানের মধ্যে ৭ ডিসেম্বর উত্তরবঙ্গে আট জেলাকে নিয়ে বিজনেস সামিট হবে উত্তরবঙ্গে। সেই সম্মেলমনের প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসকদের নিয়ে নবান্নে বৈঠকও করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন এবং তার পরে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আইটি হাব করার জন্য আইটি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আইপিএস রাজীব কুমারকে একটি খসড়া করার নির্দেশ দিয়েছিলেন। বিজিবিএস-এ বক্তব্য রাখার সময় উত্তরবঙ্গে আইটি হাব গড়ার ইচ্ছা একাধিক বার উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর কথায়। শিল্পপতিদের এ জন্য আহ্বানও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে শাসক দল। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরেই রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author