সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর : শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্যের উদাহরণ আগেও ছিল, এবার নৈরাজ্যের পাশাপাশি অস্বাভাবিক এবং অনভিপ্রেত মৃত্যুর ঘটনা ঘটল যার পেছনে ছাত্রদের উশৃংখলতা ও বোহেমিয়ান আচরণকে দায়ী করা হচ্ছে, অন্তত অভিযোগ তেমনটাই। অভিযোগ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের নির্দেশে স্কুলের অস্থায়ী কর্মচারী পরীক্ষার জন্য ছাত্রদের মোবাইল ফোন পরীক্ষা চলাকালীন জোর করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। অভিযোগ পরীক্ষা শেষ হওয়ার পরে, স্কুলের অস্থায়ী কর্মচারী শিবু শী-র ওপরে ঝাঁপিয়ে পড়ে স্কুলের ছাত্ররা। ঘটনাস্থলেই প্রাণ হারান অস্থায়ী কর্মচারী শিবু শী। খুন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা স্পষ্ট না হলেও শিক্ষাক্ষেত্রে বিরল প্রাণহানির ঘটনায় জড়িয়েছে উত্তর ২৪ পরগনা ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের নাম। বুধবার বিকেলের ঘটনা আলোড়ন ফেলেছে শিক্ষাজগত ছাড়িয়ে সর্বত্র। ছোট জাগুলিয়ায় পড়ুয়াদের তান্ডব যার ফলশ্রুতিতে শিক্ষাকর্মীর মৃত্যু তা ঘিরে স্বাভাবিকভাবেই পড়েছে শোরগোল।
বুধবার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল।বিদ্যালয়ের পক্ষ এই নির্দেশ দেওয়ার পরেও পরীক্ষা দিতে অনেকই মোবাইল নিয়ে আসে। পরীক্ষার আগে সেই মোবাইলগুলি আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছে তাদেরকে মোবাইল হস্তান্তর করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
অভিযোগ, কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না নিয়ে এসে উলটে লাঠি ও বাঁশ নিয়ে হঠাৎ চড়াও হয়, অস্থায়ী কর্মী শিবু শী-এর উপরে।এরপরেই স্কুল চত্বরেই পড়ে যান ওই অস্থায়ী কর্মী। তাঁকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিস।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল আটক করার নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক ৷ পরীক্ষার শেষে মোবাইল ফেরত পেতে লাঠি, বাঁশ নিয়ে অস্থায়ী কর্মীর উপর আক্রমণ করে, শুধু তাই নয়, পিটিয়ে মারার অভিযোগও উঠেছে৷ অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্থায়ী কর্মীর, তেমনটাও দাবি করা হচ্ছে৷ স্কুলের সিসিটিভি খতিয়ে দেখছে প্রশাসন। খুন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা নিয়ে প্রশ্ন থাকলেও সব মিলিয়ে অস্থিরতা ও নৈরাজ্যের পাশাপাশি নৈরাশ্য ফুটে উঠছে শিক্ষাক্ষেত্রে অস্থিরতার চিত্রে যেখানে রাজ্যে প্রাণও যাচ্ছে মোবাইল বাজেয়াপ্ত করে।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি