সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বরঃ পাখির চোখ লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই বুধবার সাত দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সফরের মাঝে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অধিকাংশই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হবে বলে সূত্রের খবর। এদিন শিলিগুড়ি পৌঁছেই কার্শিয়াঙ-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে মুখ্যমন্ত্রী। সেখানে আগামী ৭ তারিখ অবধি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর আগামী ৮ তারিখ কার্শিয়াং, ১০ তারিখ আলিপুরদুয়ারে, ১১ তারিখ বানারহাটে এবং ১২ তারিখ শিলিগুড়িতে সভা করবেন। শিলিগুড়ির এই সভা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ এখন চলছে লিগের খেলা। আর তা চলাকালীন খেলা বন্ধ করে স্টেডিয়ামে মমতার সভা করতে গিয়ে মাঠ খুড়ে নষ্ট করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ।

এ নিয়ে প্রতিবাদ জানিয়েই ওই দিন শিলিগুড়িতে পাল্টা সভার ডাক দিয়েছে বিজেপি। হাজির থাকবেন শুভেন্দু অধিকারী। যাত্রাপথে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। ওই দিন বিজেপির সভায় আসবেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে শিলিগুড়িতে। প্রশাসনিক সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরে গিয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন। এই দুই অনুষ্ঠানের মধ্যে ৭ ডিসেম্বর উত্তরবঙ্গে আট জেলাকে নিয়ে বিজনেস সামিট হবে উত্তরবঙ্গে। সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন এবং তারপরে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আইটি হাব করার জন্য আইটি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আইপিএস রাজীব কুমারকে একটি খসড়া করার নির্দেশ দিয়েছিলেন। বিজিবিএস-এ বক্তব্য রাখার সময় উত্তরবঙ্গে আইটি হাব গড়ার ইচ্ছা একাধিক বার উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর কথায়। শিল্পপতিদের এ জন্য আহ্বানও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষককে তলব ইডির
ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে শাসক দল। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরেই রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী