Home » প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করল ইডি। জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১২ বছরের যাবতীয় সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের নথি-সহ হাজির হতে বলা হয়েছে পার্থকে। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এর আগে ডিসেম্বরের শুরুতেই কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হল।

আরও পড়ুন  দুয়ারে একগুচ্ছ প্রকল্প আর কর্মসূচি নিয়ে বারাসাতে সুবাতাস

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি পার্থ সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছে ইডি। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে একাধিকবার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এমনকী প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু করেছিল। কিন্তু সিবিআই তদন্ত একেবারেই সন্তুষ্ট নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

এহেন পরিস্থিতিতে গত মাসেই সিট প্রধান অশ্বিন শেণভিকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেসময় বিচারপতি বলেন, ‘সিবিআই ফেল করেছে সেটা সারা দেশ জানুক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকা খুবই খারাপ। এমন অনেক প্রশ্নই ঠিক মত করেননি সিবিআই আধিকারিকরা।’ যদিও এর আগেও বহুবার প্রাথমিকে নিয়োগের মামলায় সিবিআইকে ভর্ৎসনা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দু’মাস আগেই এই মামলায় হাইকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক ও শিক্ষিকা। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত বাতিল হচ্ছে না নিয়োগ। নতুন করে আর কোনও ইন্টারভিউ দিতে হবে না।

About Post Author