Home » ১২ ঘণ্টা বনধ! সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে ফের আন্দোলনে আদিবাসী সেঙ্গেল অভিযান

১২ ঘণ্টা বনধ! সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে ফের আন্দোলনে আদিবাসী সেঙ্গেল অভিযান

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: সারনা ধর্মের জন্য পৃথক কোড চালু করার দাবিতে ফের আন্দোলনে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। তাঁদের দাবি-দাওয়া পূরণের জন্য এর আগেও একাধিকবার আন্দোলনে নেমেছিল তাঁরা। কিন্তু কোনও সুরাহা মেলেনি বলেই অভিযোগ। এহেন পরিস্থিতিতে শনিবার সকাল থেকে ফের রেল অবরোধ শুরু করেছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযান রেল অবরোধ শুরু করেছে। সকাল থেকে জেলায় জেলায় দাঁড়িয়ে রয়েছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এদিন পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা রেল অবরোধ শুরু করে। অবরোধের জেরে ব্যাহত হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল।

আরও পড়ুন    বাবুমশাই, জিন্দেগি  বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি

এমনকী রাঁচি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসও পুরুলিয়া স্টেশনে সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে এই অবরোধের জেরে চরম ভোগান্তির সম্মুখীন রেলযাত্রীরাও। আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা এখনও রেল লাইনের উপরেই বসে অবরোধ দেখাচ্ছেন। সেখানে বসেই আন্দোলন করছেন তাঁরা। পুলিশের তরফে চেষ্টা চালানো হলেও, এখনও পর্যন্ত জট কাটার কোনও ইঙ্গিত নেই। রেল সূত্র মারফত জানা যাচ্ছে, পুরুলিয়া স্টেশনে থমকে থাকা বন্দে ভারত এক্সপ্রেসকে চান্ডিলের দিক দিয়ে ঘুরিয়ে হাওড়ার দিকে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। শুধু পুরুলিয়ায় নয়, এই বনধের প্রভাব পড়েছে বীরভূম, আসানসোল, মালদহ, দক্ষিণদিনাজপুরেও। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার বনধের প্রভাব পড়েছে মালদহেও।

শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন আপ ডাউন দুটি রেললাইনে আদিবাসী সংগঠনের কার্যকর্তারা বসে পড়েন এবং বিক্ষোভ দেখান। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, আসানসোলের কালিপাহাড়ি স্টেশনেও এদিন সকাল থেকেই চলছে রেল অবরোধ। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে এই রেল অবরোধ করা হয়। বেশ কিছুক্ষণ এই রেল অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফ বাহিনী পৌঁছয়। রেল অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। কয়েকঘন্টা পর অবশ্য উঠে যায় অবরোধ। সারনা ধর্ম কোড দিতে হবে এই দাবিতে বীরভূমের ইলামবাজার এলাকার কিছু মানুষজন একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে। ইলামবাজারের আদিবাসী মানুষজন একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছে। তাদের দাবি,  এইভাবে চলতে পারে না। ভারত সরকারকে তাদের ধর্মের কোড দিতে হবে। যদি অবিলম্বে এই দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা বৃহত্তম আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি এই বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। নিম্ন অসমে রেল অবরোধের জেরে বাংলা-অসম সীমানা এলাকার বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ট্রেন।

About Post Author