সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারিঃ ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সাতাশ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে শাসকদলের। এদিন তপসিয়ায় তৃণমূলের সদর দফতরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আজকের দিনটি শাসকদলের কাছে নতুন লড়াইয়ের অঙ্গীকারের দিন, নতুন করে দলের শপথ নেওয়ার দিন। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দিনই দলের প্রবীণ এবং নবীন নেতৃত্বের মধ্যে বৈপরীত্য নিয়ে মুখ খুললেন তিনি। সেইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে আসবেন না বলেই এদিন স্পষ্ট জানান তিনি। এবার হাসপাতালের রোগী ও দুঃস্থদের ফল বিতরণ কর্মসূচি পালন করবে তৃণমূল।
আরও পড়ুন বছরের শুরুতেই আবহাওয়ার বিরাট ভোলবদল, আরব সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ
রাজ্যজুড়ে দলের প্রত্যেক নেতা-কর্মীকে এই কর্মসূচি পালন করতে হবে। সেই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সভাপতি। পাশপাশি ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসও পালন করবে তৃণমূল। সোমবার থেকে একপ্রকার লোকসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করবে দল। তার আগে প্রতিষ্ঠা দিবস থেকেই দলের প্রত্যেক সাংসদ, বিধায়ক ও অন্যান্য দলের নেতারাও কর্মসূচি পালন করবেন। অন্যদিকে, নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একঝাঁক কর্মসূচি স্থগিত হয়ে গেল। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আগামী কয়েক দিনের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁর গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাওয়ার বিকল্প দিনের কথাও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন বছরের ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে যোগদানের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ওই কর্মসূচিতে যোগদান করবেন না বলেই খবর। এদিকে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ৩-৪ জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে ৮-৯ জানুয়ারি করা হয়েছে। তবে, কেন মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে? তার কোনও কারণ জানা যায়নি। গত শুক্রবারই রুটিন চেক আপের জন্য এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষার সময়ে চিকিৎসকেরা তাঁর ডান কাঁধে পুরনো চোটের জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করেন। তার পরেই উডবার্ন ব্লকের ওটিতে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছিলেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি