Home » কলকাতার একটি দলের মালিক এবার বলিউড দম্পতি

কলকাতার একটি দলের মালিক এবার বলিউড দম্পতি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জানুয়ারি: সিনেমা জগতের সঙ্গে খেলার মাঠের যোগ নতুন কিছু না। ক্রিকেট, ফুটবল, কবাডি-সহ লিগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাথায় দেখা গিয়েছে দেশের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের। সেই তালিকাটি আরও দীর্ঘ হতে চলেছে। কারণ চলতি বছর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগেও দেখা যাবে তারকাদের ছড়াছড়ি। তার মধ্যে কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন বলিউড দম্পতি সাইফ আলি খান ও করিনা কাপুর খান।

আরও পড়ুন   দীর্ঘ টানাপড়েন, অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল ইডি

বুধবার কলকাতার দল কেনার কথা ঘোষণা করেছেন স্বয়ং করিনা। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “ঐতিহ্যের আর এক নাম ক্রিকেট। যা আমাদের মুগ্ধ করে। ভালোবাসার আর এক নাম ক্রিকেট। যা আমরা ভাগ করে নিই। আমার পরিবারে ক্রিকেটের সঙ্গে যুক্ত। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আমরা কলকাতা দলের মালিকানা নিলাম। এটা তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। আর এর অংশ হতে পেরে আমরা খুব উচ্ছ্বসিত।”

ক্রিকেট ও বাংলার সঙ্গে নিবিড় যোগ রয়েছে খান পতৌদি পরিবারের। প্রথম সারির ক্রিকেট খেলেছেন ইফতিখার আলি খান। তাঁর পুত্র মনসুর আলি খান পতৌদিও দীর্ঘদিন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন। যদিও মনসুর আলি খানের পরবর্তী প্রজন্ম ক্রিকেটের থেকে অভিনয় জগৎকে বেছে নিয়েছেন পেশার জন্য। অভিনয় জগতের সঙ্গেও এই পরিবারের যোগ বাংলা সূত্রে। মনসুর আলি খান পতৌদির স্ত্রী তথা তারকা অভিনেত্রী শর্মিলা ঠাকুর এই বাংলার মেয়ে। তাঁদের পুত্র সাইফ আলি খান এবার মালিকানা কিনলেন কলকাতার একটি দলের।

খান পতৌদি পরিবারের ছাড়াও অভিনয় জগতের নক্ষত্ররা এই নতুন লিগের দল কিনেছেন। যেরকম মুম্বই দলের মালিক হয়েছেন অমিতাভ বচ্চন। বেঙ্গালুরুর দল কিনেছেন হৃত্বিক রোশন। শ্রীনগর দলের মাথায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এছাড়াও হায়দরাবাদের দল কিনেছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। আর এক দক্ষিণী তারকা সুরাইয়া কিনেছেন চেন্নাইয়ের দল।

এই প্রতিযোগিতা হবে চলতি বছরের ২ থেকে ৯ মার্চ। খেলা হবে টেনিস বলে। একটি স্টেডিয়ামে সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। খেলা হবে ১০ ওভার বা টি-টেন ফরম্যাটে। মাঠে খেলার লড়াই কতটা জমবে সেটা নিশ্চিত সময় বলবে, তবে তারকাদের উপস্থিতি যে প্রতিযোগিতার আকর্ষণীয়তাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

About Post Author