সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি: দীর্ঘ ১৬ বছর পর ফের ডিওয়াইএফআই- এর ডাকে ‘হাইভোল্টেজ’ বিগ্রেড সমাবেশ হতে চলেছে বিগ্রেডে। রাজ্যেজুড়ে ইনসাফ যাত্রার পরই বিগ্রেডের ডাক ডিওয়াইএফআইয়ের। রবিবার শহর কলকাতার বিভিন্ন প্রান্তের ৭ জায়গা থেকে মিছিল যেতে চলেছে বিগ্রেডের দিকে। গত পঞ্চাশ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ ছেড়ে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখেই ইনসাফের দাবিতে পথে নেমেছে ডিওয়াইএফআই। ইতিমধ্যে বিগ্রেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে। বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই ও সিপিএমের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন।
আরও পড়ুন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান..
জানা গিয়েছে, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, শ্যামবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিগ্রেডমুখী হবে মিছিল। হাওড়া-শিয়ালদা স্টেশনে শনিবার থেকেই বেড়েছে জনগণের ভিড়। কেননা দূর-দূরান্ত থেকে আসা বাম কর্মী সমর্থকেরা শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন। সূত্রের খবর, এদিনের সমাবেশের প্রধান বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। যুবনেত্রীর বক্তব্য শুনতে এদিন সাতসকালেই বিগ্রেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বাবা-মা। সূত্রের খবর, যুব সংগঠনের উদ্যোগে বিগ্রেড সফল করতে মীনাক্ষীকে শুভেচ্ছা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবারই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মীনাক্ষী। বড় বিগ্রেড হবে বলেই মীনাক্ষীকে আশ্বাস দিয়েছেন বুদ্ধবাবু। উল্লেখ্য, সদ্য ইনসাফ যাত্রায় ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন সিপিএমের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা তারপরেই এই বিগ্রেড সমাবেশের আয়োজন করা হয়।
স্বভাবতই ‘হাইভোল্টেজ’ এই সমাবেশকে ঘিরে সিপিএম কর্মী সমর্থকদের উৎসাহের বাঁধ ভেঙেছে। তবে, ডিওয়াইএফআই-এর এই বিগ্রেড সমাবেশে মাঠ ভরবে কিনা,তা নিয়ে বিরোধী দলগুলির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই এই বিগ্রেড সমাবেশ নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন,’ বিগ্রেড সমাবেশ নিয়ে বামপন্থীদের একটা ঐতিহ্য রয়েছে। যতদিন এই দল থাকবে, ওরা বিগ্রেড চালিয়ে যাবে। বিধানসভা নির্বাচনের আগে বিগ্রেড করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, একটা আসনেও জিততে পারেনি সিপিএম। অন্যদিকে, এই বিগ্রেড সমাবেশকে কটাক্ষ করতে ছাড়েননি দেবাংশু ভট্টাচার্য। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবাংশু লেখেন, ‘ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আজ যারা বিগ্রেডে আসবেন ভোটের দিন তারা নিজেদের পার্টিকেই ভোটটা দেবেন। তাহলেই বাংলার মঙ্গল।’ দেবাংশুর এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের