Home » ছুটির দিনের নৈশভোজে বানিয়ে ফেলুন আফগানি মুর্গ

ছুটির দিনের নৈশভোজে বানিয়ে ফেলুন আফগানি মুর্গ

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারিঃ সপ্তাহভর অফিসের নানান কাজের পর রবিবার পরিবারের সদস্যদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করলে নিজের মনটাও যেন ভালো লাগে। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে আফগানি মুর্গ। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন আফগানি মুর্গ। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে আফগানি মুর্গ। আফগানি মুর্গ বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

আরও পড়ুন  গঙ্গাসাগরে আগত তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা অনুরাগ ঠাকুরের

উপকরণ
মুরগির মাংস: ১ কেজি
পেঁয়াজ: ২টি
রসুন: ৮-১০ কোয়া
আদা কুচি: ২ চা চামচ
ধনেপাতা: আধ কাপ
কাঁচালঙ্কা: ২-৩টি
কাজুবাদাম: ৩ টেবিল চামচ
টক দই: আধ কাপ
তেল: ১ কাপ
ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ
কাসুরি মেথি: ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো: ২ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
লেবুর রস: ১ টেবিল চামচ


প্রণালী
প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাজুবাদাম, কাঁচালঙ্কা এবং ধনেপাতার মিশ্রণ, টক দই এবং ফ্রেশ ক্রিম দিয়ে দিন। আধঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো আলাদা করে তুলে কড়াইতে দিন। মাংসগুলো একটু ভাজা হলে উপর থেকে ওই মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকুন। এই সময়ে সামান্য নুনও দিয়ে দিন। মাংস কষতে কষতে তেল ছেড়ে আসলে কিছুক্ষণ কড়াই চাপা দিয়ে রাখুন। নামানোর আগে উপর থেকে একটু মাখন ছড়িয়ে দিয়ে দিন। পরিবেশন করার আগে উপর থেকে ফ্রেশ ক্রিম ও মেথির গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আফগানি মুর্গ। গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে আফগানি মুর্গ।

About Post Author