Home » স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে স্বেচ্ছায় প্রাক্তন হলেন স্বামী

স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে স্বেচ্ছায় প্রাক্তন হলেন স্বামী

সানী রায় ,সময় কলকাতা, ১৫ জানুয়ারি :”তুমি যাকে ভালোবাসো /স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়…তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর” – জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে অন্য কারও ঘর করতে বলা এক কথা আর নিজের সিদ্ধান্ত অন্য দুজনের সিদ্ধান্তের সঙ্গে একাকার করে নিজেকে প্রাক্তন করা আরেক কথা। তেমনটাই করলেন, গল্পের চেয়েও নাটকীয়ভাবে স্বেচ্ছায় প্রাক্তন হলেন উত্তরবঙ্গের ধূপগুড়ি এলাকার সঞ্জীব মন্ডল। স্ত্রীকে ‘প্রকৃত অর্থেই’ ভালোবাসতেন তিনি, তাই স্ত্রীর ভালোবাসাকে মেনে নিলেন তিনি। স্ত্রীর পরকীয়ার সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়ে স্ত্রীর পরপুরুষে আসক্তিকে বৈধতা দিলেন স্বামী। একমুহূর্তে স্বামী নিজেই হয়ে গেলেন পরপুরুষ। বিষয়টা শুনতে যত সহজ , বিষয়টা আদৌ তত সহজ নয়। সাত বছরের সম্পর্ক এক লহমায় ভেঙে ফেলে এলাকার আরেক যুবকের হাতে নিজের স্ত্রীকে সমর্পণ করলেন স্বামী। কারণ স্ত্রী মনে প্রানে অন্য পুরুষটিকেই বিগত এক বছর ধরে চাইছিলেন। তাই স্বামীর কথা শুনে তিন বছরের সন্তানকে স্বামীর হাতে তুলে দিয়ে স্টাম্প পেপারে সই করে, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন তিনি।

ধুপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়ার বাসিন্দাকে নিয়েই ত্রিকোণ প্রেমের উপাখ্যান। টোটো মেকানিক স্বামী সঞ্জীব ও তিন বছরের সন্তানকে নিয়ে ঘর করছিলেন বছর পঁচিশের পাপিয়া মন্ডল। এরমধ্যে পাপিয়ার মনের কোণে উঁকিঝুঁকি মারতে আরম্ভ করে শুভম আর সেই সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। সবকিছুই তবুও কুয়াশায় ঢাকা ছিল। কুয়াশায় ঢাকা ছিল রবিবার গভীর রাত-ও। ঘন কুয়াশার মধ্যেই রাত প্রায় দেড়টা নাগাদ, প্রেমিকা পাপিয়া মন্ডলের সঙ্গে দেখা করতে এসে পাকড়াও হয়ে যান প্রেমিক শুভম সরকার। স্বামীর বাড়ির লোক দেখে ফেলেন তাদের অভিসার। জানা যায়, এই প্রথম নয়, গত এক বছরে অন্তত চার পাঁচ বার পাপিয়া মন্ডলের স্বামীর অনুপস্থিতিতে পাপিয়া ও শোভন গভীর রাতে অভিসার করেছেন।

বাড়ির লোক এবং এলাকার মাতব্বরদের উপস্থিতিতে বিষয়টি সালিশি সভার দিকে এগোলেও স্বামী জানান, জোর করে স্ত্রীকে নিয়ে সংসার করার চেয়ে স্ত্রী যা চান তাই হওয়া ভালো এবং স্ত্রীর ইচ্ছায় তার সম্মতি রয়েছে। স্ত্রী পাপিয়া নতুন করে ঘর বসাতে চাওয়ায় পেশায় টোটো মেকানিক সঞ্জীবকে কার্যত ভেঙে পড়তে দেখা যায়। তবুও তিনি মেনে নেন স্ত্রীর সিদ্ধান্ত ও স্ত্রীর নতুন সম্পর্ককে এবং তাকে আইনি স্বীকৃতি দিতে তৎপর হন। সিলমোহর পড়ে পাপিয়া শুভমের সম্পর্কে,  স্বেচ্ছায় প্রাক্তন হলেন ‘স্বামী’। তিন বছরের সন্তানকে পাপিয়া ও তার সদ্য প্রাক্তন স্বামী সঞ্জীব দুজনেই কাছে রাখতে চাইলেও আপাতত সন্তান সঞ্জীবের কাছেই থাকছে।।

About Post Author