Home » মিজোরামের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে মায়ানমার সেনার বিমান

মিজোরামের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে মায়ানমার সেনার বিমান

সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারিঃ মিজোরামের লেংপুই বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার মুখে পড়ল মায়ানমার সেনার বিমান। বিমানটিতে পাইলট-সহ মোট ১৩ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি ভারত থেকে মায়ানমারের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যেতেই এসেছিল। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিমানটি নামার সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি। সেসময় পিছলে এগিয়ে গিয়ে রানওয়ের বাইরে পড়ে যায়। সূত্রের খবর,সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে, মায়ানমার সেনাবাহিনীর সদস্যরা দলে দলে ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে। এর মধ্যে মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তারই অংশ হিসেবে এই সেনাদের সরিয়ে নিয়ে যাচ্ছিল মায়ানমার।

আরও পড়ুন     কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল, একইসঙ্গে বদলি ৫৫ অফিসারের

এর আগে গত শনিবারই মস্কো যাওয়ার পথে হিন্দুকুশ পর্বতমালায় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ওইদিন মধ্যরাতে চিন, তাজাকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকা অর্থাৎ আফগানিস্তানের বদখশান প্রদেশে ভেঙে পড়ে ভারতের বিমানটি। এটি মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। তালিবান প্রশাসনের পক্ষ থেকে ভারতের কাছে বিমান ভেঙে পড়ার খবর এসে পৌঁছয়। তবে, বিমান দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিন কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি এ দেশের নয়। মরক্কোর একটি উড়ান। এটি মরোক্কোর রেজিস্ট্রেশন প্রাপ্ত DF-10 এয়ারক্র্যাফ্ট।’ যদিও ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মরোক্কোর একটি এয়ার অ্যাম্বুল্যান্স ছিল। থাইল্যান্ড থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল সেটি। তবে তার আগে ভারতের গয়া এয়ারপোর্টে জ্বালানি ভরার জন্য কিছুক্ষণ অবতরণ করেছিল সেটি। বিমানটি মরোক্কোর দ্যাঁসল ফ্যালকনের রেজিস্ট্রার্ড এয়ারক্র্যাফ্ট। তাতে কোনও ভারতীয় ক্যারিয়ার ছিল না।

About Post Author