Home » সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিস বানোর ১১ ধর্ষকের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিস বানোর ১১ ধর্ষকের

সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারিঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মত গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের। নির্ধারিত সময়ের মধ্যেই সোমবার জেলে আত্মসমর্পণ করেছে ১১ জন। রবিবার রাতেই অভিযুক্ত ১১ জন জেলে পৌঁছে যান। কেননা এদিন রাত বারোটার মধ্যে ধর্ষকদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।কিন্তু, আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়ে বিভিন্ন অজুহাত নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছিল বিলকিসের তিন ধর্ষক গোবিন্দভাই, রমেশ চন্দনা এবং মিতেশ ভাট। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন   রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ, অযোধ্যায় শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্তদের আবেদনগুলির মধ্যে গ্রহণযোগ্যতা নেই। যে সব কারণ দেখিয়ে তারা আত্মসমর্পণ পিছোনোর চেষ্টা করেছে, তার কোনও ভিত্তি নেই। অভিযুক্তদের ব্যক্তিগত কারণের জন্য জেলযাত্রা আটকানো যায় না। রবিবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিলকিস মামলার ১১ জন ধর্ষককে। সুপ্রিম কোর্টের সেই রায় মেনেই রবিবার রাত সাড়ে এগারোটায় গোধরা জেলে আত্মসমর্পণ করে তারা। এই ১১ জন হলেন যশবন্ত নাই, মীতেশ ভাট, প্রদীপ মোরধিয়া, কেশরভই ভোহানিয়া, গোবিন্দ নাই, রাধেশ্যাম শাহ, রাজুভাই সোনি,বাকাভাই ভোহানিয়া, বিপিন চন্দ্র জোশী, রমেশ চন্দনা ও শৈলেশ ভাট। প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা দাঙ্গা পরবর্তী সময়ে গণধর্ষিত হয়েছিলেন ২১ বছর বয়সী বিলকিস বানো। সেই সময়ে ৫ মাসের গর্ভবতী ছিলেন তিনি। তাঁর চোখের সামনেই ৩ বছরের সন্তান এবং পরিবারের ৭ জনকে খুন করে ধর্ষকরা।

 

এরপর বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু, ১১ জন দোষীকে ২০২২ সালের ১৫ আগস্ট মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। এরপর গত ৮ জানুয়ারি বিলকিস বানো মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে দোষী ১১ জনকে ২১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতিই তিনজন দোষী অসুস্থতা, পরিবারে বিয়ে ও কৃষিকাজের কারণ দেখিয়ে আত্মসমর্পণের জন্য আরও কয়েকদিন সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ। এরপরই ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ১১ জন দোষী।

About Post Author