Home » ৭৫তম সাধারণতন্ত্র দিবসে নারীশক্তির জয়জয়কার, প্রথমবার মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু দিল্লির কুচকাওয়াজ

৭৫তম সাধারণতন্ত্র দিবসে নারীশক্তির জয়জয়কার, প্রথমবার মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু দিল্লির কুচকাওয়াজ

সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারিঃ ২৬ জানুয়ারি শুক্রবার সাড়ম্বরে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। ২০০ বছরের ইংরেজ শাসনের অবসানের পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশ স্বাধীন হয়। ভারত শাসনের জন্য ১৯৩৫ সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী করে। এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতে সংবিধান প্রযোজ্য হয়। সেই থেকেই এই দিনটিকে ভারতবাসী সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম। দেশের সর্বত্র পূর্ণ মর্যাদার সাথে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান এবং কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উদযাপিত হচ্ছে গোটা দেশে।

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের

নয়াদিল্লি থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সাধারণতন্ত্র দিবসকে ঘিরে সেজে উঠেছে দেশের নানা প্রান্ত। দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। পেট্রাপোল সীমান্তে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে করা হয় প্যারেড।  ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। এই প্রথম ১০০ জন মহিলা সঙ্গীত পরিবেশন করবেন। “বিকশিত ভারত” ও “ভারত-লোকতন্ত্রের মাতৃকা”- এই দুটি থিম রয়েছে এবারের অনুষ্ঠানে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লিতে। ১৪ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকছে কর্তব্যপথে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩ হাজার অতিথিকে। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে সামিল হল দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। এদিন সকাল সাড়ে ৯টায় ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিজয় চক থেকে প্যারেড শুরু হয়। প্রজাতন্ত্র দিবসে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। বৃহস্পতিবার দেশে এসে পৌঁছন তিনি। জয়পুরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তারপর জয়পুরের আইকনিক হাওয়া মহল পর্যন্ত তাঁর সঙ্গে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোড শোয়ের পর দেশে ‘ইতিহাস’ সৃষ্টি করা অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী মোদি। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জয়পুরের এক হস্তশিল্প মার্কেটে দাঁড়িয়ে রাম মন্দিরের রেপ্লিকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছেন তিনি। গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ-বিদেশের প্রায় ৮ হাজার অতিথি উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। এই রাম মন্দিরের উদ্বোধন দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের পাশাপাশি গোটা বিশ্বের কাছেও অন্যতম নজির হয়ে উঠেছে এই রাম মন্দির ও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।

About Post Author