Home » কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের, মেডিক্যালে ভর্তির মামলা স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের, মেডিক্যালে ভর্তির মামলা স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে

সময় কলকাতা ডেস্ক, ২৯ জানুয়ারিঃ মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের। এবার মেডিক্যালে ভর্তির মামলা স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে। এই মামলা দেশের শীর্ষ আদালতেই শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ৩ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই সূত্রের খবর। যদিও তার আগে এই মামলার সব পার্টিকে আদালতে হলফনামা জমা দিতে হবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, মেডিক্যালে ভর্তির ১৪টি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে। মোট চারটি এফআইআরও দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানির বিরুদ্ধে সওয়াল করা হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সিঙ্গল বেঞ্চ থেকে মামলা না সরালে আবার একই ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন    জমি কেলেঙ্কারি মামলায় এবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডির হানা

এর আগে গত শনিবারই গোটা মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। ওইদিন বেলা সাড়ে ১০টা থেকে শুনানি শুরু হয়। আদালতে ছুটির দিনেই এই বিশেষ বেঞ্চ বসে। প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি হয় মামলার। পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। প্রসঙ্গত, গত বুধবার মেডিক্যালে ছাত্র ভর্তিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। এমনকী খারিজ করে দেওয়া হয় সিবিআইয়ের এফআইআরের নির্দেশ। এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের কিছু ত্রুটি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগও তোলেন।

এমনকী বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। এরপরই এই মামলার তদন্তভার তুলে দেন সিবিআইকে। গত বৃহস্পতিবার ফের একবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। দেখা যায় শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাতেই নির্দেশিকা জারি করে হাইকোর্ট জানায়, সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, ডাক্তারি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি ভুয়ো জাতিগত শংসাপত্র মামলা উঠেছিল। সেই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর মৌখিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

About Post Author