সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ২৬ দিন ধরে খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কিন্তু অন্তরাল থেকেই আগাম জামিনের আর্জি নিয়ে একের পর এক আদালতে হাজির হন তৃণমূল নেতা শাহজাহানের আইনজীবী। সমস্ত জল্পনার মাঝেই এবার ইডির নজরে সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের সম্পত্তি। সূত্রের খবর, তৃণমূল নেতা এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত জানা গিয়েছে, শাহজাহানের কোন ব্যাঙ্কের কোন ব্রাঞ্চে ক’টা অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে সম্প্রতি মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন ইডি আধিকারিকরা। তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত ১০ বছরের তথ্য চেয়েছে ইডি। একইসঙ্গে তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদে ওয়াকআউট ইন্ডিয়া জোটের সাংসদদের
রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ২৬ দিন ধরে খোঁজ নেই সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের। শাহজাহান কোথায় আছেন, তা এখনও অজানা। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। পুলিশও এখনও পর্যন্ত তাঁকে খুঁজে বের করতে পারেনি। কিন্তু অন্তরাল থেকেই একের পর এক আদালতে আগাম জামিনের আবেদন চেয়ে দারস্থ শাহজাহান। শাহজাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ইডি দফতরে হাজির হলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সেক্ষেত্রে নাকি অন্য কোনও ভাবে ‘আত্মসমর্পণ’ করতে পারেন তিনি।
অন্যদিকে, শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে বেধড়ক মার খেয়েছিলেন ইডির কর্তারা। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তড়িঘড়ি তাঁদের সেখান থেকে বের করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্ত যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই শেখ শাহজাহানের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। কেননা ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বেতাজ বাদশা। গোটা বিষয়টির জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
অভিষেকের দুয়ারে ইডি
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর