সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ গত বৃহস্পতিবার বিকেলে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ছিলেন একই পরিবারের শিশুসহ কমপক্ষে পাঁচ জন সদস্য। নিখোঁজদের মধ্যে চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে। এবার রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হল দুই জনের মৃতদেহ। তাঁদের মধ্যে একজনের নাম ঋষভ পাল (৭)। দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের বেশি দূরে জয়পুর থানার ভাটোরা তদন্ত কেন্দ্র এলাকার বেড়াল কালিতলা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তল্লাশির সময় রূপনারায়ণ নদের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঋষভের বাড়ি লিলুয়া থানার চামরাইল এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঋষভের পোশাক দেখে তার বাবা বিশ্বজিৎ পাল দেহ শনাক্ত করেন। আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম অচ্যুৎ সাহা। তাঁর বাড়ি হাওড়ার বেলগাছিয়ায়। রূপনারায়ণের ৫ কিলোমিটারের বেশি উত্তরে হুগলির খানাকুলের মাড়োখানা পানশিউলি এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
আরও পড়ুন সন্দেশখালিতে অশান্তির ঘটনায় আটক প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার
প্রসঙ্গত, মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরার ত্রিবেনী পার্কে গত বৃহস্পতিবার পিকনিক করতে আসে। পিকনিক শেষে তারা ফের নৌকায় চেপেই মানকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। আচমকাই নৌকাটি উল্টে গিয়ে নৌকায় থাকা সকলেই নদীতে পড়ে যান। এহেন পরিস্থিতিতে নৌকা ডুবতে দেখে নদীতে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। সূত্রের খবর, ১৩ জনকে উদ্ধার করা গেলেও বাকি পাঁচ জন নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান থেকে ১৩ জন এসেছিলেন। আর মানকুরের পাঁচজন ছিলেন। এদের নধ্যে মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা। তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুরে এসেছিলেন।
সেখান থেকেই তারা চড়ুইভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাওয়ার সময় নৌকা দুটি খেপে ১৮ জনকে ভাগ করে নিয়ে গিয়েছিলেন। আর ফেরার সময় একটি ক্ষেপেই সকলকে নিয়ে ফিরছিলেন। আর এতেই সমস্যা হয়েছে। তবে, যাত্রীদের অভিযোগ, নৌকায় জল ছিল। তারা মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই বেলগাছিয়ার লিচুবাগানে নেমে আসে উৎকণ্ঠা। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদে তল্লাশি শুরু করে। সঙ্গে ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও। অন ইয়দিকে, খবর পেয়েই ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল ,বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয় সিংহ প্রমূখ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান