Home » ঢাকার বহুতলে ভয়াবহ আগুন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৪৪ জন

ঢাকার বহুতলে ভয়াবহ আগুন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৪৪ জন

সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ: বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বহুতলের নিচে অবস্থিত ‘কাচ্চি ভাই’নামের একটি রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয় তলা বিশিষ্ট ওই বহুতলে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর প্রচেষ্টায় এগিয়ে আসেন। খবর দেওয়া হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে। ততক্ষণে আগুন সম্পূর্ণ গ্রাস করেছে ওই ভবনটিকে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন  পূর্ব কমান্ডের জওয়ানদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপে দক্ষতা আরও বাড়ছে

স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, লেলিহান অগ্নিশিখার মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসেন ৪২ জনকে। দ্বিতীয় ধাপে উদ্ধার করে আনা হয় আরও ৩৩ জনকে। রাত ১২ টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এক প্রেস বিবৃতিতে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছেন ১০ জন। আহত ৭৫ জনের মধ্যে ২২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।’ অন্যদিকে, বাংলাদেশের পুলিশ প্রধান আবদুল্লাহু আল মামুন জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য ইতিমধ্যে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।  পাশাপাশি কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে শুক্রবার সকালে মারা গিয়েছেন আরও ১ জন।

ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ । সকাল থেকে আবার জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কার্য। বেইলি রোডের আশেপাশের অঞ্চলে এখন শুধুই পোড়া গন্ধ ,আর বাতাসে ভেসে বেড়াচ্ছে ছাই। তবে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ আধিকারিকদের প্রাথমিক অনুমান ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁ গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

About Post Author