Home » হাতিয়ার সন্দেশখালি! মোদির বারাসাতের সভাকে জাতীয় কর্মসূচি বানানোর লক্ষ্য বিজেপি-র, কলকাতা বিমানবন্দর থেকে ১১ কিমি রোড শো

হাতিয়ার সন্দেশখালি! মোদির বারাসাতের সভাকে জাতীয় কর্মসূচি বানানোর লক্ষ্য বিজেপি-র, কলকাতা বিমানবন্দর থেকে ১১ কিমি রোড শো

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চঃ মঙ্গলবার রাতেই ফের কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ থেকে উত্তর, ব্যাক টু ব্যাক সভা রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। এরপর বুধবার বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, ৬ মার্চ সকালে প্রধানমন্ত্রী ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড অংশের উদ্বোধন করবেন। তারপর হেলিকপ্টারে করে দমদম বিমানবন্দরে আসবেন। সেখান থেকে ১১ কিলোমিটার রোড শো করে বারাসাতের কাছারি ময়দানে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, বারাসাতের মহিলা শক্তি বন্ধন সভার মূল ইস্যু হল সন্দেশখালি। লোকসভা ভোটের আগে সন্দেশখালিকে কেন্দ্র করে বিজেপির আয়োজিত বারাসাতের সভায় প্রধানমন্ত্রীর যোগদান নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা বারাসতের পাশের লোকসভা কেন্দ্র বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি। মোদি বারাসাতের সভায় সন্দেশখালি নিয়ে আরও বেশি করে আক্রমণাত্মক হতে পারেন বলেই মনে করছে দল। সেই কারণে মোদির বারাসাতের এই সভাকে জাতীয় স্তরের কর্মসূচিতে নিয়ে যাচ্ছে বিজেপি।

প্রধানমন্ত্রীর বারাসাতের সভা নিয়ে রাজ্য বিজেপি থেকে শুরু করে জাতীয় স্তরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই বাংলার নেতৃত্বকে বারাসাতের সভার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনভর বারাসাতে চলবে সভার প্রচার। সোমবার থেকেই মহিলা মোর্চা সর্বভারতীয় স্তরে ‘শক্তিবন্ধন’ নামে কর্মসূচি শুরু করেছে। মোট ৪,১২৩টি বিধানসভা এলাকায় মিছিলের পরিকল্পনা রয়েছে। তিন দিনের কর্মসূচিও শেষ হবে বারাসাতে মোদির বক্তৃতার মধ্য দিয়েই। শনিবার ফের শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে খবর, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গেও খাতা খুলছেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, সারা দেশের ছয় হাজার জায়গা থেকে লক্ষাধিক মহিলারা ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর এই সভায় অংশ নেবেন। এমনকী কেন্দ্রীয় আইসিডিএস প্রকল্পের কর্মীদেরও সভা হাজির করাতে চায় বিজেপি।

আরও পড়ুন  PREMIER LEAGUE: শেফিল্ড ইউনাইটেডকে ছ’গোলের মালা আর্সেনালের, চাপ বাড়ল লিভারপুল ও সিটির

রাজ্য বিজেপি সূত্রে খবর, বারাসাতের সভায় সন্দেশখালিতে ‘নির্যাতিতা’ হিসাবে যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাও থাকতে পারেন। মুখ ঢেকেই তাঁরা মোদীর মুখোমুখি হবেন। যদিও আনুষ্ঠানিক ভাবে বিজেপির তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এদিকে,বারাসাতে ‘মহিলা সম্মেলন’ যাতে সফল হয়, তার জন্য সোমবারই রাজ্যে এসেছেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। সেইসঙ্গে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা। তিনি মহিলা মোর্চার সর্বভারতীয় ইনচার্জের দায়িত্বেও রয়েছেন। ইতিমধ্যেই তিনি বারাসাতে সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও সেরেছেন। অন্যদিকে, সোমবারই বারাসাতের সভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ, রাজ্যনেতা তাপস মিত্র প্রমুখ।

About Post Author