Home » বিজেপি ও বাম-কংগ্রেস প্রার্থী জট : আর কত বিলম্ব?

বিজেপি ও বাম-কংগ্রেস প্রার্থী জট : আর কত বিলম্ব?

সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ : আর একমাসও বাকি নেই। সাতদফায় ৫৪৩ টি  লোকসভা আসনে ভোটযুদ্ধ। বঙ্গে ৪২ টি আসন। বঙ্গে তৃণমূল ফার্স্ট বয় হিসেবে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও, অন্য প্রধান রাজনৈতিক দলগুলি এখনও সম্পূর্ণ প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে দোলাচলে,  প্রার্থী জট কিছুতেই কাটছে না।

প্রার্থী জট ঠিক কোন জায়গায়? ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে দু দফায় ২৬৬ টি কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এবং অন্য যেকোনো দলের আগে বঙ্গে ৪২ টি আসনের মধ্যে ২০ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল । বিজেপির প্রথম প্রার্থী তালিকায় এই কুড়িজনের নাম ঘোষণা হয়েছিল। তার পরে পক্ষকাল কেটে গিয়েছে। এর মধ্যে আসানসোলের বিজেপির ঘোষিত প্রার্থী পবন সিং লড়তে রাজি নন অর্থাৎ ২৩ টি আসনের  প্রার্থী ঘোষনা এখনও বাকি।

৫৪৩ আসনের ৪২ টি আসন বঙ্গে যার প্রত্যেকটিতে নাম ঘোষণা করে তৃণমূল কার্যত পার্থী ঘোষণায়  এগিয়ে রয়েছে । বামেরা ১৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে, যদিও প্রস্তাবিত সংযুক্ত মোর্চার মেলবন্ধন নিয়েও জট। বাম দল যেন জোটধর্ম পালনের দায়িত্ব একা কাঁধে নিয়েছে। তবুও শান্তি নেই।    বাম -কংগ্রেস-আইএসএফ প্রার্থী জট বহু জায়গায়।

তৃণমূল অন্য দলের প্রার্থী ঘোষণা না হওয়ায় বিপক্ষের    প্রার্থী জট নিয়ে পুরো মাত্রায় রাজনৈতিক সুযোগ নিতে চেষ্টা করছে। সুযোগ দ্বিবিধ। এক ভোটের দেরি নেই। সর্বোচ্চ জোর কলমে তারা প্রচার শুরু করে দিতে পারছে অনেক আগেই। এবং তারা অন্য দল নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, তাঁরা বর্জন করলে তবেই বিজেপি তাদের গ্রহণ করে প্রার্থী তালিকা প্রকাশ করবে ভাবছে।

মুষলপর্বে যাদবকুল শ্রীকৃষ্ণের সামনে মুষল রূপ মুদগর নিয়ে ধ্বংসলীলায় মাতে। বিজেপি- বাম -কংগ্রেসের কি মুষল পর্ব? নাকী জল মাপা চলছে?  কিন্তু সময় পেরিয়ে চলেছে। প্রথম দফায় ভোট হবে যেখানে  সেই জলপাইগুড়ির ভোট এক মাসও বাকি নেই। অথচ বিজেপি   ভোটের প্রার্থী ঘোষণা করতে পারেনি জলপাইগুড়ি কেন্দ্রে। তৃণমূল  প্রার্থী জট অ্যাডভান্টেজ মনে করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখনও প্রচারের প্রচুর সময় রয়েছে। তবে আর বিশেষ দেরি করা সমীচীন নয় বলেই তাঁরা বলছেন। রাজনৈতিক পর্যবেক্ষক অধ্যাপক  সৌমেন চক্রবর্তী মতে,  প্রাথমিক প্রার্থী জট রাজনৈতিক সমীকরণের অঙ্গ যা আখেরে কোনও অসুবিধের কারণ ঘটাবে না ভোটের ময়দানে। বিজেপি রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার যা জানিয়েছেন তার নির্যাস অনুযায়ী,  বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।

বামেরা ঘোষণা করেছে ১৬ জন প্রার্থীর নাম যার মধ্যে আছে যাদবপুর ও শ্রীরামপুরে প্রার্থীর নাম। অথচ আই এস এফ ও সেই আসন চায়। আবার মুর্শিদাবাদ ও মালদায় আসন চায় আইএসএফ। এমনকি বারাসাত বসিরহাটও।আই এস এফ জানিয়েছে, তারা আটটি আসন চায়। সংঘাত সেখানে। আবার, বামেরা বীরভূম নিয়ে জোটের সবুজ সংকেত না দিলেও কংগ্রেসের মিল্টন রশিদের অনুগামীরা বীরভূমে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন।

বিজেপি দলেও এরকম একইভাবে প্রার্থী না হয়েও দেওয়াল লিখন চলছে। তমলুক কেন্দ্রে বহুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে মুদ্রার অপর দিকে দিলীপ ঘোষ, অর্জুন সিং, তাপস রায়দের প্রার্থী পদের  বিষয় ঝুলে রয়েছে।  দিলীপ ঘোষ চাইছেন মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীপদ । অন্যদিকে, ব্যারাকপুর কেন্দ্রে লড়বেন জানিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন  অর্জুন সিং। তাপস রায়ের চোখ আবার উত্তর কলকাতা কেন্দ্রে। অগ্নিমিত্রা পাল বা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের  নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা গেলেও তাঁরা যে গুঞ্জন অনুযায়ী বর্ধমান পশ্চিমে টিকিট পাবেন  তারও  নিশ্চয়তা নেই। আরও বেশ কিছু তারকার নাম নিয়ে গুঞ্জন রয়েছে। মহম্মদ সামি বা কৈলাশ খেরের নাম আচমকা শোনা গেলেও এখনও নিশ্চিত নয় কিছুই। ধোঁয়াশা কাটবে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হলেই, সাময়িক ক্ষোভ-বিক্ষোভ দেখা দিলেও ভোটের প্রচারে আর কোন কেন্দ্রেই বিজেপি কর্মী-সমর্থকরা  পিছপা থাকবে না। একই কথা প্রযোজ্য বাম – কংগ্রেস – আইএসএফ তালিকা নিয়েও। তবে এই তিনটি দল এখনও যে ভাবনা নিয়ে যে ভাবে এগোচ্ছে, তাতে একপ্রকার নিশ্চিত সর্বত্র এই তিন দলের  মতের ঐক্য দেখা গেলে তা হবে চরম আশ্চর্য ।।

About Post Author