সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: লোকসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ডে শক্তিবৃদ্ধি করল কংগ্রেস। পাশাপাশি ভাঙন ধরাল বিজেপিতে। বুধবার পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দিলেন জয়প্রকাশ ভাই পটেল। ঝাড়খণ্ডের মান্ডু কেন্দ্রের বর্তমান বিধায়ক তিনি। পাটনায় কংগ্রেসের সদর দফতরে তাকে স্বাগত জানান দলের প্রবীণ নেতা পবন খেরা, সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর, চম্পই সোরেন, এবং মন্ত্রিসভার সদস্য আলমগির আলম।

কংগ্রেসে যোগ দিয়ে জয়প্রকাশ নিশানা করেছেন তার পুরনো দল বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র আদর্শের সঙ্গে নিজের বাবার আদর্শের কোনও মিল খুঁজে পাননি বলেও দাবি করেছেন মান্ডুর বিধায়ক। রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জয়প্রকাশের পরিবারের। তাঁর বাবা টেকলাল মাহাতো ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৪ সালে গিরিডি কেন্দ্র থেকে জিতে সংসদে পৌঁছন টেকলাল। পরে মান্ডু থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১৪ সালে বাবার ছেড়ে যাওয়া আসন থেকে জিতে বিধায়ক হন জয়প্রকাশ। তারপর দলবদল করে যোগ দেন বিজেপিতে। ২০১৯ সালে মান্ডু কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন। সে রাজ্যের রাজনীতিতে গুঞ্জন জয়প্রকাশকে হাজারিবাগ কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে হাত শিবির। যদিও জয়প্রকাশের দাবি টিকিটের লোভে তিনি দলবদল করেননি। তিনি বলেন, “কোনও পদের লোভে আমি কংগ্রেসে যোগ দিইনি। বাবার স্বপ্নপূরণ করতে এই দলে দলে এলাম”। পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়েও ইতিবাচক বলে জানিয়েছেন জয়প্রকাশ। তিনি জানিয়েছেন, “ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনেই জিতবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।” আগামী ১৩ মে থেকে ১ জুন পর্যন্ত মোট চার দফায় ঝাড়খণ্ডের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
मेरे पिता टेक लाल महतो जी ने झारखंड को सवांरने का सपना देखा था, जिसे पूरा करने के संकल्प के साथ मैं BJP में शामिल हुआ था। अफसोस कि मैंने अपने पिता के सपनों को उस दल में नहीं पाया।
राहुल गांधी जी की 'भारत जोड़ो न्याय यात्रा' से झारखंड की जनता में उनके प्रति रुझान बढ़ा है।… pic.twitter.com/Vtv2UOWTXa
— Congress (@INCIndia) March 20, 2024
প্রসঙ্গত, মঙ্গলবার জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সীতা সোরেন। সম্পর্কে যিনি জেএমএম-এর প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্রবধূ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি।সীতার দলবদলকে ঝাড়খণ্ডে বিরোধী শিবিরের ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বুধবার জয়প্রকাশ কংগ্রেসে যোগ দেওয়ায় সেই ধাক্কা কিছুটা সামলিয়ে উঠতে পারবে বিরোধী জোট? উত্তর মিলবে আগামী দিনে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?