Home » Lok Sabha Election 2024: সিপিএম নেতা খুনে অভিযুক্ত পাপ্পু ফের কংগ্রেসে, হাত ধরলেন উত্তরের এক সাংসদ ও বিধায়ক

Lok Sabha Election 2024: সিপিএম নেতা খুনে অভিযুক্ত পাপ্পু ফের কংগ্রেসে, হাত ধরলেন উত্তরের এক সাংসদ ও বিধায়ক

সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী দুই শিবির। পাশাপাশি জোরকদমে চলছে বিপক্ষ থেকে নেতা-নেত্রী ভাঙিয়ে আনার খেলা। বুধবার বিভিন্ন দলের একাধিক সাংসদ বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। পটনার প্রদেশ কংগ্রেস দফতর সদাকত আশ্রমে এআইসিসির পর্যবেক্ষক পবন খেড়ার উপস্থিতিতে তারা হাত ধরলেন। জন অধিকার পার্টির প্রতিষ্ঠাতা রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব তার দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিলেন। একই দিনে কংগ্রেসে যোগ দিলেন উত্তরপ্রদেশের বিএসপি সাংসদ দানিশ আলি। কংগ্রেসে যোগ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিধায়ক চৌধুরি লাল সিং।

মঙ্গলবার গভীর রাতে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন পাপ্পু যাদব। আর বুধবারই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন বিহারের প্রাক্তন বাহুবলী সাংসদ। কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, “আসন্ন লোকসভা নির্বাচন এবং ২০২৫ বিহারের বিধানসভা ভোটে মহাগঠবন্ধন জয়ী হবে। পরাস্ত হবে বিজেপি ও জেডিইউ।” তাঁর স্ত্রী রঞ্জিতা রঞ্জন দীর্ঘদিন ধরেই কংগ্রেসে রয়েছেন। বর্তমানে ছত্তীশগঢ় থেকে মনোনিত হয়ে রাজ্যসভার সদস্য রঞ্জিতা। এ বার পাপ্পু যাদবও যোগ দিলেন কংগ্রেসে। জোর গুঞ্জন লোকসভা নির্বাচনে বিহারের পূর্ণিয়া কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বাহুবলী পাপ্পু।  সিপিএম নেতা অজিত সরকারের খুনের ঘটনায় তিনি ছিলেন মূল অভিযুক্ত। দীর্ঘদিন জেলবন্দীও ছিলেন। রাজনৈতিক জীবনে একাধিকবার দল বদল করেছেন পাপ্পু।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের মুখে ভাঙন বিজেপিতে, পদ্ম ছেড়ে হাত ধরলেন জয়প্রকাশ

পাপ্পু যাদবের পাশাপাশি কংগ্রেসে যোগ দিলেন বিএসপির সাংসদ দানিশ আলি। উত্তর প্রদেশের আমারোহার সাংসদ তিনি। ২০১৯ সালে উত্তরপ্রদেশে মোদি ঝড়ের মধ্যেও নিজের দূর্গ অটুট রাখেন দানিশ। তিনি খবরের শিরোনামে আসেন গত বছর। ধর্ম নিয়ে তার উদ্দেশ্যে কটূ মন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিদূরি। বিদূরির মন্তব্যের প্রতিবাদে দানিশের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তার সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন জম্মুর দাপুটে বিজেপি নেতা লাল সিং চৌধুরি। এখন তাদের যোগদান আসন্ন নির্বাচনে কংগ্রেসের ভোট বাক্সে কতটা অক্সিজেন জোগাতে পারে সেটাই এখন দেখার।

About Post Author