সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কতদিনে শুরু করা যাবে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের একাধিক সরকারি আধিকারিকের নাম উঠে এসেছে। তাঁদের হেফাজতেও নেওয়া হয়েছে। কিন্তু সরকারি অনুমোদনের অভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আগামী ৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবের কাছে এ সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না দিলে রাজ্যের মুখ্যসচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল ইডি। সূত্রের খবর, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডি দফতরে হাজির দেওয়ার ব্যাপারে কথা জানানো হয়েছিল। তাঁর সম্পত্তি এবং আয়ের উৎস দেখার জন্যেই ডেকে পাঠানো হয়েছিল বলে খবর। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে।
পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এর আগে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল সিবিআই।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা