সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত রাশিয়ার রাজধানী মস্কো। বন্দুকবাজের গুলিতে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ১০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মিউজিক হল ক্রোকাস সিটি হলে। এদিন মস্কোর কনসার্ট হলে আচমকাই ঢুকে পড়ে একদল বন্দুকবাজ। দর্শকে ঠাসা কনসার্ট হলে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বন্দুকবাজরা। পাশাপাশি গ্রেনেড থেকে বোমাজাতীয় কিছু ছোড়ে হামলাকারীরা।
গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, হামলার সময় সেখানে আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করছিলেন। পিকনিক ব্যান্ডের একটি অনুষ্ঠান চলছিল। দর্শকাসনে ছিলেন প্রচুর সংখ্যক মানুষ। ফলে এই বন্দুকবাজদের হামলায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পরে যায় হলের মধ্যে। হামলাকারীদের গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনেকে।
এর আগে গত মাসেই বন্দুকবাজের হামলা চলে মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক শহরের মেট্রো স্টেশনের ভিতর চলে এলোপাথাড়ি গুলি। আততায়ীর গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, যখন এই বন্দুকবাজের হামলাটি হয়, তখন শহরের স্কুল, অফিসের ছুটি হয়েছে। ফলে সেই সময় সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের ভিড় ছিল। আচমকা বন্দুকবাজের হামলায় খুদে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মার্কিন পুলিশ সুত্রে জানা গিয়েছে, আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছিলেন আরও ৫ জন। তাঁদের মধ্যে ১৪ বছরের কিশোর থেকে ৭১ বছর বয়সের ব্যক্তিও ছিলেন। এছাড়া ২ মহিলাও ছিলেন। আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ওই আততায়ী এখনও পর্যন্ত অধরা। এদিন ঠিক কি কারণে অভিযুক্ত সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর এলোপাথাড়ি গুলি চালাল, তা স্পষ্ট নয়।
#MoscowTerrorAttack
#latestbengalinews


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত