Home » বারাসাত লোকসভা কেন্দ্র :কে এই স্বপন মজুমদার?কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সম্পর্কে জেনে নিন

বারাসাত লোকসভা কেন্দ্র :কে এই স্বপন মজুমদার?কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সম্পর্কে জেনে নিন

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ : তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন, পুলিশকে মার ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া সহ বিতর্কে জড়িয়েছেন বারবার। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তিনি বারাসাত লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেয়ে জানিয়ে দিয়েছেন বিজেপির আদর্শকে পাথেয় করে,  নরেন্দ্র মোদির ছবি আর নরেন্দ্র মোদির নাম সামনে রেখে লড়বেন তিনি। রবিবার বিজেপির নতুন প্রার্থী তালিকায় কিছুটা চমক দিয়ে বারাসাত কেন্দ্রে প্রার্থী হিসেবে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাম প্রকাশ পেয়েছে। সোমবার থেকে বারাসাত কেন্দ্রের প্রচার শুরু করবেন তিনি। তাঁর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতেই দুর্নীতির প্রশ্নে তৃণমূলের সাংসদ  ও তিনবারের বিজয়ী প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে চাঁচাছোলা আক্রমণ করে বনগাঁ থেকে কার্যত বারাসাত কেন্দ্রে প্রচারের ঘন্টা বাজিয়ে দিলেন বারাসাত কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।

স্বপন মজুমদার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আলো রানী  সরকারকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। উত্তর ২৪ পরগনা  এবং জেলার সদর বারাসাত জুড়ে বিজেপির সংগঠন বাড়লেও  উত্তর ২৪ পরগনার  গোপালনগর থানা এলাকার  বাসিন্দা স্বপন মজুমদার বিধায়ক হলেও তাঁর ধার ও ভার নিয়ে সংশয় রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের মত হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তিনি কতটা লড়াই দেবেন আর কতটা ধোপে টিকবেন তা নিয়ে দ্বিধায় রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২০১৯ সালে বারাসাত কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী   বিজেপির মৃণাল কান্তি দেবনাথ কে  ১লক্ষ ১০ হাজারের বেশি ভোটে হারিয়ে তৃতীয় বারের মত সাংসদ নির্বাচিত হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। পোড় খাওয়া  রাজনীতিকের বিরুদ্ধে স্বপন মজুমদার কতটা হালে পানি পান সেটাই দেখার।

আরও পড়ুনBJP| Rekha Patra| মোদির পছন্দেই বসিরহাটে পদ্ম শিবিরের প্রার্থী সন্দেশখলির রেখা

About Post Author