সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: সোমবার দেশজুড়ে রঙের উৎসব। তার আগের দিন অর্থাৎ রবিবার এ রাজ্যের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। যা নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে চর্চার শেষ নেই। উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও চমক দিয়েছে পদ্ম শিবির। এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। সূত্রের খবর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাতেই তাঁকে টিকিট দিয়েছে কেন্দ্রের শাসক দল। কিন্তু কে এই রেখা পাত্র? কীভাবে তিনি বাকিদের পিছনে ফেলে বসিরহাট কেন্দ্রের টিকিট নিশ্চিত করলেন? কেনই বা স্বয়ং প্রধানমন্ত্রী তার নাম প্রস্তাব করলেন?

বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। যেই সন্দেশাখালি নিয়ে শেষ কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। শুধু রাজ্য স্তরেই নয়, জাতীয় রাজনীতিতেও রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে একটাই নাম ‘সন্দেশখালি’। শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে সরব হয়েছিলেন গ্রামের মহিলারা। সেই মহিলাদের মধ্যে অন্যতম ছিলেন রেখা পাত্র। ভয়কে উপেক্ষা করে শেখ শাজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রেখা। তাঁর করা অভিযোগের ভিত্তিতে শিবুর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করে পুলিশ। সন্দেশখালিকাণ্ডের পর চলতি মাসের ৬ তারিখ বারাসাতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি মহিলা মোর্চার ডাকা প্রতিবাদ সভায় উপস্থিত ছিল সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের এক প্রতিনিধি দল। সভা শুরুর আগে মঞ্চের পিছনে সন্দেশখলির নির্যাতিতাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। তাদের অভিযোগ মন দিয়ে শোনেন। যিনি প্রধানমন্ত্রীর কাছে সন্দেশখালির মহিলাদের কথা তুলে ধরেছিলেন, তিনি রেখা পাত্র।
সন্দেশখালিকাণ্ডের পর এই আসন থেকে বিজেপি কাকে প্রার্থী করে, তা নিয়ে জল্পনা কম হয়নি। রাজ্যস্তরের একাধিক প্রথম সারির নেতা নেত্রীর নাম উঠে আসছিল। কিন্তু সবাইকে খানিকটা অবাক করেই রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। কারণ, বর্তমান সময়ের রাজনীতিতে প্রত্যক্ষকরণ বা পারসেপশনের একটা বড় ভূমিকা রয়েছে। সেখানে শোষক বনাম নিপীড়িতের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি। সেই কথা ধরা পড়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়। তিনি রাখঢাক না করে স্পষ্ট করে দিয়েছেন,“এই প্রার্থী বাছাই থেকে এটা স্পষ্ট তৃণমূল শাহজাহানদের দল আর বিজেপি নির্যাতিত, নিপিড়িত মানুষের দল।” রাজ্যে ঘটে চলা নারী নির্যাতনের যে অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা, সেই অভিযোগের মুখ রেখা পাত্র। আর তাকে সামনে রেখেই রাজ্যজুড়ে ভোট প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি।
২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রেখা পাত্র-কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।#Vote4BJP #Abkibar400par #PhirEkBaarModiSarkar pic.twitter.com/wRbmrDCK7b
— BJP West Bengal (@BJP4Bengal) March 24, 2024
এই আসনে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের পরিবর্তে এ বার এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হাজী নুরুল ইসলামকে। ওই আসনে আর এক বিরোধী দল বাম-কংগ্রেস জোটের সমর্থনে প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। প্রার্থী করা হয়েছে মহম্মদ শাহিদুল ইসলাম মোল্লাকে। বিজেপি এই আসনে রেখা পাত্রকে টিকিট দিয়ে সেই লড়াই আরও জমিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক