Home » আবগারি দুর্নীতি মামলায় এবার গ্রেফতারের আশঙ্কা প্রকাশ আতিশীর

আবগারি দুর্নীতি মামলায় এবার গ্রেফতারের আশঙ্কা প্রকাশ আতিশীর

সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিলঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করলেন আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশী। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে। একইসঙ্গে আতিশী বলেন, ‘সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ সোমবারই দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আতিশীর অভিযোগ, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য। যদিও সেই প্রস্তাব নাকচ করে আপ নেত্রী বলেন, ‘ আমি অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক, ভগৎ সিংহের আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। আমি কিছুতেই বিজেপির সঙ্গে বোঝাপড়া করব না।‘

এদিকে, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি আদালত সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি অ্যাক্ট) কাবেরী বাওয়েজা এই নির্দেশ দিয়েছেন। তারই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা কেজরিওয়ালকে তিনটি বই পড়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলেন – ভগবদ গীতা, রামায়ণ এবং কীভাবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন(How Prime Ministers Decide )।

আরও পড়ুন   Medicine Price Hike: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! আজ থেকে দাম বাড়ল প্যারাসিটামল সহ জীবনদায়ী প্রায় ৮০০ ওষুধের

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা দেশের রাজনৈতিক মহলে। ওইদিন সন্ধ্যায় তার দিল্লির বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ১২ জনের একটি দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুরো বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তখনই আশঙ্কা করা হয়েছিল গ্রেফতার করা হতে পারে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রাত ন’টার পর সেই আশঙ্কাই সত্যি হল। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত করা হয় তার দুটি মোবাইল ফোন। মুখ্যমন্ত্রীর বাসভবনের চারপাশে জারি হয় ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চলে আম আদমি পার্টির সমর্থকদের।\

# আবগারিদুর্নীতিমামলা 

#আমআদমিপার্টি 

#latestbengalinews

#ArvindKejriwal 

 

About Post Author