সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিলঃ তাইওয়ানের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন এবং জাপান। রিখটার স্কেলে জাপানের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। অন্যদিকে, চিনে ৫.৫ মাত্রা ভুমিকম্প অনুভূত হয়। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল প্রায় পৌনে ৯টা নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশের পূর্ব উপকূলের হোনশু দ্বীপে শক্তিশালী কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে রাজধানী টোকিও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩২ কিলোমিটার গভীরতায়। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে, এদিন সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশি কম্পন হয়েছে কিংহাই প্রদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন CBI: ইডির উপর হামলার ঘটনায় এবার তৃণমূলের বুথ সভাপতিকে তলব সিবিআই-এর
উল্লেখ্য, বুধবার সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের রাজধানী তাইপেই। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে। এছাড়াও সুনামি সতর্কতা জারি হয়েছিল দক্ষিণ জাপান (South Japan) ও ফিলিপিন্সে। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, আহত ৯০০ জনেরও বেশি। ২৫ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সুত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা নাগাদ (ভারতীয় সময়ে রাত ১২টা) দেশের রাজধানী তাইপেই-তে ভয়াবহ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল তাইওয়ানের হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
ভূমিকম্পের পরই উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ভূমিকম্পে অন্তত ২৬টি বাড়ি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই বহু বাড়িঘর ভেঙে পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। অন্তত ২০ জন সেখানে আটকে রয়েছেন বলে খবর। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। এদিনের এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই তাইওয়ান প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই তাইওয়ানে থাকা ভারতীয়দের উদ্দেশে জারি হয়েছে নির্দেশিকা। ‘ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনে’র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ তাইওয়ানে বসবাসকারী ভারতীয়দের জন্য এমার্জেন্সি হেল্পলাইন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ওখানে থাকা ভারতীয়রা যেন এই নির্দেশিকা বাকি ভারতীয়দের কাছেও পৌঁছে দেন।
#latestbengalinews
#Taiwan
#terribleearthquake


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!