Home » প্রতিবাদ করলে এনআইএ! আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না : মমতা

প্রতিবাদ করলে এনআইএ! আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না : মমতা

চুমকী সূত্রধর ও পুরন্দর চক্রবর্তী সময় কলকাতা,৭ এপ্রিল : ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা ভোট। সেদিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারিত হবে। পুরুলিয়ার জনসভা থেকে শান্তিরাম মাহাতোর হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পুরুলিয়ার কাশিপুর জনসভা থেকে মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য যেমন ছিল বিজেপি তেমনই আদিবাসীদের কাছে টেনে নিতে চেষ্টা করলেন তিনি । মুখ্যমন্ত্রী দলিতদের সম্মানের প্রসঙ্গ উল্লেখ করলেন, আদিবাসী পড়ুয়াদের জন্য তৃণমূলের প্রচেষ্টার কথা উল্লেখ করলেন। তিনি বললেন,  আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না। আদিবাসীরা অরন্যের সম্পদ। মুখ্যমন্ত্রীর কথায়,বিজেপির সবকিছুই ভাঁওতাবাজি। তৃণমূলের হয়ে তাঁর ঘোষণা “আমরা চাই আদিবাসী, মাহাতোদের নিয়ে একসঙ্গে থাকতে।’’

ভূপতিনগরে এনআইএ-এর ওপর ‘হামলা’র অভিযোগে এখন তপ্ত বঙ্গ রাজনীতি। কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। শনিবারই হেমতাবাদের সভা থেকে এনআইএ-এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকেও একই সুর চড়ান তিনি। মমতার বক্তব্য, মানুষ প্রতিবাদ করলেই এনআইএ-কে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়,আবার রামনবমী আসছে, দেখবেন একটা চকোলেট বোমা পড়লেও এনআই-কে ঢুকিয়ে দেবে। পুরুলিয়াতেও সব হোটেলে গিয়ে খোঁজ নিচ্ছে।

মমতার কথায়, এনআইএ সিবিআই বিজেপির ভাই। ইডি – ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার লোক। বেছে বেছে দলীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কাশীপুরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, যেভাবে স্থানীয় পুলিশের অনুমতি ছাড়া মধ্যরাতে এনআইএ গ্রামে ঢুকেছিল তাতে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। শুধু তাই নয়, ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্তেরও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।

বিজেপি ভোট লুট করতে চেষ্টা করবে। মাদক মিশিয়ে, ভোট লুট করতে পারে বিজেপি।  দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।  অভিন্ন দেওয়ানি বিধি এবং সিএএ-র উল্লেখ করে বিজেপিকে ভোট দিলে বিপদ বাড়বে জানালেন। তিনি বললেন, বিজেপি যা করছে, আগামী দিনে মানুষ এদের বর্জন করবে। আর সেই প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষতার আশ্বাস চাইলেন।

পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপি থাকলে আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। ওরা সব কেড়ে নেবে। ধর্ম, জাত কেড়ে নেবে। ইডি, সিবিআই লাগিয়ে দেবে। পাশাপাশি, আদিবাসীদের জমি  প্রসঙ্গে অরণ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ ও মনিপুরের ও বিজেপি শাসিত রাজ্যের কথা তুলে এনে দলিত ও নারীদের সম্মান রক্ষার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের।।

About Post Author