সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিলঃ বড়মার ঘর দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ঠাকুরবাড়ি। বড়মার ঘরে কারা থাকবে তা নিয়ে রবিবার রাতে শুরু হয়ে যায় মতুয়া ঠাকুরবাড়ির ঘরোয়া ‘কোন্দল’। অভিযোগ, জোর করে দরজা ভেঙে বড়মার ঘরে ঢুকে পড়েন লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের লোকজনেরা। এদিকে, তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে ঘর দখল রাখার পাল্টা অভিযোগ শান্তনু ঠাকুরের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার গাইঘাটা। লোকসভা নির্বাচনের আগে যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে। ইতিমধ্যেই গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর-সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন বাঁশির ডাকে ছুটে চলা, বাঁশি হাতে বাড়ি ফেরার পালা
শান্তনু ঠাকুরের দাবি, ১২ বছর ধরে তাঁরা ওই ঘরে ঢুকতে পারেননি। মমতা ঠাকুর সেই ঘর আঁকড়ে ধরে আছেন। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে। সেই কারণেই তিনি বড়মার ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘর তালা দিয়ে রাখা হয়েছিল। তাই তালা ভেঙে ঢুকেছেন তিনি। উল্টোদিকে মমতা ঠাকুরের দাবি, তাঁদের আসতে বললেও তাঁরা আসতেন না। সূত্রের খবর, গোলমাল মূলত যে ঘরে বড়মা অর্থাৎ বীণাপাণিদেবী থাকতেন সেই ঘর নিয়ে। বীণাপাণিদেবীর বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর, ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ। কপিলকৃষ্ণর স্ত্রী মমতা ঠাকুর। অন্যদিকে মঞ্জুলকৃষ্ণের ছেলে শান্তনু ঠাকুর।
জানা গিয়েছে, বড়মা যে ঘরে থাকতেন কেন তাঁরা ঢুকতে পারবেন না, এ নিয়েই এদিন রাতে চরম উত্তেজনা ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই ঠাকুরবাড়ির সামনে ধরনায় বসেছেন মমতাবালা ঠাকুর। ইতিমধ্যে মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। যদিও পাল্টা ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুরও। তাঁর দাবি, অন্যায় ভাবে মতুয়া বাড়ি ছেলেকে জেল খাটানোর প্রতিবাদে তাঁরাও ধরনায় বসবেন। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ঘরোয়া কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরবাড়ি। সেওসময় বারুণীর মেলা চলছিল। আচমকাই দলবল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বীণাপাণিদেবীর ঘরের তালা ভেঙে ঢুকে পড়ে শান্তনু ঠাকুর । ইতিমধ্যেই একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙছে শান্তনু ঠাকুর। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
#latestbengalinewsট


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?