Home » গোদের উপর বিষফোঁড়া! গন্ডার তাড়াতে হাতি! ক্ষতি রুখতে গিয়ে দ্বিগুণ ক্ষতি! ভুট্টাক্ষেত সাবাড়!

গোদের উপর বিষফোঁড়া! গন্ডার তাড়াতে হাতি! ক্ষতি রুখতে গিয়ে দ্বিগুণ ক্ষতি! ভুট্টাক্ষেত সাবাড়!

সানী রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৫ এপ্রিল:  গোদের উপর বিষফোঁড়া একেই বলে ! বনদফতরের সিদ্ধান্তে নাকাল আলিপুরদুয়ারের চাষীরা। ভুট্টা ক্ষেত বাঁচাতে গন্ডার তাড়াতে গিয়ে হাতি ডেকে এনে হয়রানির একশেষ। রক্ষকই যখন ভক্ষক – এই প্রবাদ সাধারণত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ব্যবহার করা হয় । এখন উত্তরবঙ্গে হাতির জন্য যেন এই প্রবাদ খেটে যাচ্ছে। ভুট্টা ক্ষেত সাবড়ে দিচ্ছে  গন্ডার। কুনকি হাতি ডেকে এনে গন্ডার তাড়ানো হচ্ছে। হাতি দেখে গন্ডার তো পালাচ্ছে, কিন্তু হাতির চোটে অবশিষ্ট ভুট্টা ক্ষেতের  দফারফা হয়ে যাচ্ছে।  চোর তাড়াতে ডাকাত ডেকে নিয়ে আসার মতই বিড়ম্বনা। ভুট্টা ক্ষেত বাঁচাতে গিয়ে ভুট্টা ক্ষেত সম্পূর্ণ সাবাড় হয়ে যাচ্ছে গন্ডার ও হাতির সাঁড়াশি আক্রমণে । চাষীদের মাথায় হাত।

আলিপুরদুয়ারের পশ্চিম শিমলা বাড়ির তোরসা নদী সংলগ্ন এলাকায় প্রায় দেড়শো বিঘা ভুট্টা লাগিয়েছেন স্থানীয় কৃষকেরা। পাশেই জলদাপাড়া জাতীয় অভয়ারণ্য। গোটা বিশ্বে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ডুয়ার্সের এই জলদাপাড়া। আর সেই জঙ্গল থেকেই মাঝে মধ্যে লোকালয়ে বেরিয়ে আসছে হাতি, বাইসন,গন্ডার সহ বিভিন্ন বন্যপ্রাণী।পশ্চিম শিমলা বাড়ির কৃষকেরা গন্ডারের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রত্যেকদিন প্রচুর পরিমাণ ভুট্টা নষ্ট করছে গন্ডার। বিষয়টি বনদফতরকে জানালে বনদফতর এর আধিকারিকেরা কুনকি হাতি দিয়ে গন্ডার তাড়ানোর ব্যবস্থা করে।আর তাতে ক্ষতির সংখ্যা আরো বেড়েছে বলে অভিযোগ ভুট্টা চাষীরা।কারণ জমি থেকে গন্ডার বের করতে কুনকি হাতিকে জমির ভেতরে ঢোকাতে হচ্ছে, স্বাভাবিকভাবেই হাতি যেদিকে যাচ্ছে সেদিকে তছনছ করে দিয়ে যাচ্ছে।যার ফলে প্রতিদিন আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হচ্ছে,  এমনটাই বলছেন কৃষকেরা।

গন্ডার এবং হাতির দাপট যা কিনা অত্যাচারের সমতুল্য, সেই বিপুল ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না কৃষকেরা। তাদের অভিযোগ, গন্ডারের জন্য আগে বহুবার ক্ষতিপূরণের দাবি জানালেও কোন ক্ষতিপূরণ মেলেনি।এখন হাতির আগমন গোদের ওপরে বিষফোঁড়ার মত জেরবার করে দিচ্ছে ভুট্টা চাষীদের।।

আরও পড়ুন মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে! ঝিলম নদীতে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা , মৃত ৪ পড়ুয়া

About Post Author