Home » EL Classico: দুবার পিছিয়ে পড়েও বেলিংহামের শেষ মুহূর্তের গোলে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

EL Classico: দুবার পিছিয়ে পড়েও বেলিংহামের শেষ মুহূর্তের গোলে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ এপ্রিল: বিশ্ব ফুটবলের অন্যতম বড় ডার্বির নাম এল ক্লাসিকো (El Classico)। স্পেনের ফুটবল লিগ বা লা লিগায় যেখানে মুখোমুখি হয় দুই তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সপ্তাহান্তে আরও এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকল ফুটবল অনুরাগীরা। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ এবার হাসি হাসল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে তারা হারিয়ে দিল ৩-২ গোলে। ৯১ মিনিটে গোল করে দলকে জয় এনে দিলেন জুড বেলিংহাম। এই জয়ের ফলে ৬ ম্যাচ বাকি থাকতে লা লিগা জয়ের আরও কিছুটা ধাপ এগিয়ে গেল কার্লে আন্সেলোত্তির ছেলেরা।

চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। অন্যদিকে প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে সেই জ্বালা কিছুটা কমানোর জন্য বদ্ধপরিকর হয়েই মাঠে নেমেছিল কাতালানরা। ম্যাচ শুরুর ছ’মিনিটের মধ্যে তাদের এগিয়েও দিয়েছিলেন আন্দ্রে ক্রিশ্চেনসেন। তবে ঘরের মাঠে সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। বার্সার এক ডিফেন্ডার বক্সে লুকাস ভাজকেজকে ফাউল করেন। পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়ার। ২৮ মিনিটে লামিন ইয়ামালের ফ্লিক কোনওরকমে রুখে দেন লুনিন। যদিও বার্সার দাবি ছিল বল গোললাইন পার করে গিয়েছে। লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকায় গোল থেকে বঞ্চিত হতে হয় জাভির দলকে। বিরতির সময় খেলার ফল ছিল ১-১।

আরও পড়ুন: IPL 2024: নায়ক দ্রা রাস, ইডেনে কোহলির বেঙ্গালুরুকে ১ রানে হারিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স

দ্বিতীয়ার্ধে দুই দলই কিছুটা মন্থরভাবে শুরু করে। রিয়ালের ঘরের মাঠে ফের গোল করে এগিয়ে যায় বার্সা। ৬৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা ফার্মিন লোপেজ। তবে আবার দ্রুত ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৩ মিনিটে ভিনিসিয়াসের ক্রস থেকে দলকে সমতায় ফেরান ভাজকেজ। যখন মনে হচ্ছিল ম্যাচ শেষ হবে অমীমাংসিতভাবে। তখন দলের ব্যাটন নিজের কাঁধে তুলে নেন জুড বেলিংহাম। ম্যাচের স্টপেজ টাইমে ভাজকেজের ক্রস থেকে গোল করেন ইংরেজ তারকা ফুটবলার। এই নিয়ে দলের হয়ে মরশুমের ১৭ তম গোলটি পেয়ে গেলেন তিনি। বেলিংহামের গোলেই আরও একটা এল ক্লাসিকো নিজেদের নামে করে মাঠ ছাড়ল রিয়াল।

About Post Author