সময় কলকাতা ডেস্ক, ৫ মে: রাজ্যে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মোট চারটি আসনে। আগামী মঙ্গলবার ভোটগ্রহণ হবে উত্তর ও দক্ষিণ মালদা, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। তার আগে শেষ মুহূর্তের প্রচার সারছে শাসক-বিরোধী দুই পক্ষ। শনিবার মালদহের মোথাবাড়িতে দক্ষিণ মালদহের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে জনসভা করেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সেখানে ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে কেন্দ্রের শাসক দলকে নিশানা করেন তিনি। তবে সভায় লোক হয়নি বলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সব জবাব মানুষ ভোট বাক্সে দেবেন পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও।

সম্প্রতি বাগডোগরা বিমানবন্দরে তাঁকে দেখেই এক যুবক (সম্ভবত বিজেপি সমর্থক) ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়েছিলেন। সবাইকে আশ্চর্য করে তিনি এগিয়ে গিয়ে সেই যুবককে বুকে টেনে নিয়েছিলেন। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। নেটিজেনদের একটা বড় অংশের বাহবাও কুড়িয়েছিলেন ঘাটালের বিদায়ী সাংসদ। শনিবার সেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়েই বিজেপিকে নিশানা করেন তিনি। কী বলেছেন দেব? তিনি বলেন, “উত্তরপ্রদেশে উত্তরপত্রে ‘জয় শ্রী রাম’ লিখলেই ৫০ শতাংশ নম্বর পাওয়া যাচ্ছে। যা ঠিক হচ্ছে না। রাজ্যে কেউ যদি পরীক্ষার খাতায় ‘জয় বাংলা’ লিখে ৫০ শতাংশ নম্বর পেয়ে যায় সেটাও ঠিক হবে না।” পাশাপাশি রামমন্দির প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের তারকা প্রার্থী ও প্রচারক দেব। তিনি বলেন, “ধর্মকে সামনে রেখে ভোট করা হচ্ছে। এই ভোট মন্দির-মসজিদ নির্মাণের জন্য নয়। স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণের।” এছাড়াও কর্মসংস্থান নিয়েও পদ্মশিবিরকে খোঁচা দেন দেব। তিনি বলেন, “২০১৪ সালে বিজেপি ক্ষমতা আসে। তখন তারা প্রত্যেক দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ২ কোটি দেশবাসীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ হয়েছে। দেশে চাকরি নেই। স্বাধীনতার পর এই অবস্থা আগে হয়নি।”
আরও পড়ুন: মালদা দক্ষিণে ঘাসফুল নাকি পদ্মফুল?
তবে দেবের সভার পর বিজেপি দাবি করেছে সভায় অনেক আসন ফাঁকা ছিল। দলের অবস্থা টের পেয়েই সৌজন্যের পথ ছেড়ে দেব বিজেপিকে আক্রমণ করছেন বলেও তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। ভোট বাক্সে মানুষ সব জবাব দেবেন, বিজেপিকে পাল্টা দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।


More Stories
কাদের সমর্থনে থালাপতি বিজয় সরকার গঠন করতে চলেছেন?
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?