Home » Sandeshkhali Viral Video: সন্দেশখালিকাণ্ডে ভাইরাল আরও একটি ভিডিও, দলের নেতার বিরুদ্ধে এ কী বলছেন বসিরহাটের বিজেপি প্রার্থী?

Sandeshkhali Viral Video: সন্দেশখালিকাণ্ডে ভাইরাল আরও একটি ভিডিও, দলের নেতার বিরুদ্ধে এ কী বলছেন বসিরহাটের বিজেপি প্রার্থী?

সময় কলকাতা ডেস্ক, ৯ মে: সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। ফের প্রকাশ্যে আরও একটি ভিডিও। তবে এই ভিডিওটি কোনও স্টিং অপারেশনের নয়। ভিডিও-তে দেখা যাচ্ছে সন্দেশখালির কয়েকজন মহিলাকে। তাদের মধ্যে রয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভিডিওটিতে দলের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। যা রাজ্য রাজনীতিতে ফের শোরগোল ফেলে দিয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

সন্দেশখালির নির্যাতিতাদের প্রতিনিধি হয়ে কারা গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে? এই প্রশ্নটি সন্দেশখালি কাণ্ডের পর একপ্রকার চাপে পড়ে যাওয়া তৃণমূল কংগ্রেস বা তার কোনও নেতৃত্বের নয়। এই প্রশ্ন তুলেছেন খোদ সন্দেশখালির নির্যাতিতা মহিলারা। তাদের মধ্যে রয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রও। সম্প্রতি সেরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে রেখা বলছেন, “আমরা নির্যাতিতা মায়েরা সন্দেশখালিতেই পড়ে রয়েছি। তা হলে আমাদের মুখ হয়ে রাষ্ট্রপতি ভবনে কারা গিয়েছে, এটা তো জানার তো  প্রয়োজন রয়েছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমাদের কিছু জানিয়েছে? আমরা তো নির্যাতিতা, আমরাই আন্দোলনের প্রধান মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গিয়েছেন। ওনাকে সেই সাহস কে দিয়েছে?”

ভিডিও-র প্রথমে কার্যত একই সুরে অভিযোগ করতে শোনা গিয়েছে সন্দেশখালির এক আন্দোলনকারী মাম্পি দাসকেও। তিনি বলেন,  “আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তা হলে আমরা কারা?” পাশে দাঁড়ানো আর বলেন, “আমরা তো সন্দেশখালির আন্দোলনকারী বা নির্যাতিতা। আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী বা পিএম স্যরের সঙ্গে দেখা করতে। তা হলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তা হলে কারা?”

সন্দেশখালির নির্যাতিতা সাজিয়ে কাদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়েও সংশয়ের সুর শোনা গিয়েছে তাদের গলায়। এই ঘটনায় তারা নিশানা করেছেন বিজেপি নেতা অনুপ দাসকে। মাম্পি বলেন, “আমরা খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছে। অনুপ তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে পয়সা নিত। খবর আছে ওনার সঙ্গে পদ্মা মণ্ডলও গিয়েছে। তা হলে কী আমরা এটাই জানবো পদ্মা মণ্ডলও টিএমসির লোক, উপরে উপরে বিজেপি করে?”

এই ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের মুখপাত্র বলেন, সন্দেশখালির চিত্রনাট্য সাজানো হয়েছিল রাজ্যের শাসক দলকে বদনাম করতে। মহিলাদের সম্ভ্রমকে ভোটের বৈতরণী পার করতে বিজেপি ব্যবহার করেছিল বলেও জানান তিনি। ভিডিও-তে যে অনুপ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাকে নিজেদের দলের কর্মী বলে স্বীকার করে নিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ভিডিও-তে যারা এই বক্তব্য রাখলেন, তাঁরা এই আন্দোলনে নতুন এসেছেন। রেখা পাত্রও নতুন। ছোট ছোট দ্বীপে মহিলারা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিলেন। এর মধ্যে বিজেপি, তৃণমূল, সিপিএম ছিল না। ভবিষ্যতেও এই আন্দোলন হবে।”

আরও পড়ুন: ভয় পেয়েছেন মোদিজী? আদানি আম্বানির কালো টাকা নিয়ে হয়ে যাক ইডি, সিবিআই : রাহুল গান্ধী

গত শনিবার সন্দেশখালি নিয়ে ৩২ মিনিট ৪২ সেকেন্ডের একটি স্টিং ভিডিও সামনে এসেছিল। যেই ভিডিও-তে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল যে, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করানো হয়েছিল। বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। সেই ভিডিও-কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সেই আবহে সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। 

About Post Author