Home » Sandeshkhali Issueঃ হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিতে অভিযোগ জমা নিতে অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই

Sandeshkhali Issueঃ হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিতে অভিযোগ জমা নিতে অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির মানুষের জমি দখল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য এবার সেখানেই অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই। শুক্রবার সকাল থেকেই ক্যাম্প তৈরি করা হয়েছে সন্দেশখালিতে। ইতিমধ্যেই সিবিআই ক্যাম্পে নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ২ প্ল্যাটুন সিআরপিএফ মোতায়েন করেছে। এতদিন জমি দখল সংক্রান্ত অভিযোগ করতে গ্রামের মানুষকে কলকাতায় নিজাম প্যালেসে যেতে হত, কিংবা ই-মেইল করতে হত। যেটা সন্দেশখালির মানুষের পক্ষে সম্ভব ছিল না। কার্যত সেকারণেই সন্দেশখালিতে ক্যাম্প গঠন করে সমস্যার সমাধান করল সিবিআই। গত কয়েক সপ্তাহে সন্দেশখালির আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে। শুরু হয়েছে নির্যাতনের অভিযোগ তুলে নেওয়ার জন্য ‘চাপ’। নির্যাতিতাদের এক পক্ষের তরফে এখন থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করছেন।      

আরও পড়ুন   সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন, বিকল্প….?

তাঁদের বক্তব্য, জোর করে তাঁদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। আবার অন্যদিকে, আরেক পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, নির্যাতনের অভিযোগ থানা থেকে প্রত্যাহার করার জন্য তাঁদের মোটা টাকার প্রলোভন দেখানো হচ্ছে। আর তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক দড়ি টানাটানি। এসবের মাঝেই এবার সন্দেশখালিতে ক্যাম্প গঠন করল সিবিআই। উল্লেখ্য, শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। এদিকে আবার ভোটের মাঝেই সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। শাহজাহান কোনও অস্ত্র পাচারকারীদের সঙ্গে জড়িত কিনা, সেই বিষয় নিয়েও তদন্ত হচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালত স্পষ্ট করে দিয়েছিল, সন্দেশখালি নিয়ে অভিযোগ জানাতে হলে সিবিআই-কে শীঘ্রই ই-মেইল আইডি চালু করতে হবে। সেইসঙ্গে পোর্টালও তৈরি করতে হবে। আদালতের নজরদারিতে হবে তদন্ত। সিবিআই উল্লেখ করেছে, মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডি-তে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই তদন্ত করলেও তাদের সাহায্য করবে রাজ্য। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, বসাতে হবে LED আলোও। মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে, সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে।

#SandeshkhaliIssue

#CBI

#Latestbengalinews

About Post Author