Home » বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে আবহাওয়ার পরিবর্তন : চায়ের স্বাদে পড়তে চলেছে প্রভাব

বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে আবহাওয়ার পরিবর্তন : চায়ের স্বাদে পড়তে চলেছে প্রভাব

সানী রায়,সময় কলকাতা , ২৬ মে :বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ক্রমেই মানবজাতির বিপদের কারণ হয়ে উঠেছে।প্রকৃতির বিপর্যয়ের কারণও বিশ্ব উষ্ণায়ন।  বিশ্ব উষ্ণায়নের কারণে  জলবায়ুতে দেখা যাচ্ছে উলটফের। একই কারণে বিশ্বের চা-প্রেমীরা হারাতে পারেন উত্তরবঙ্গের পৃথিবী-বিখ্যাত চায়ের স্বাদ!

আশঙ্কা করতে পারেন চা প্রেমীরা। বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে উত্তরের তরাই ডুয়ার্সের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, পরিবেশের চরিত্র ক্রমশ অচেনা ও এলোমেলো হয়ে উঠছে। এই পরিবর্তনশীল আবহাওয়া উত্তরের ভুবন-বিখ্যাত চায়ের উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে বলে আশঙ্কা করছেন চা শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মহল।

ক্ষুদ্র,মাঝারি থেকে বৃহত্তর সমস্ত ব্যবসায়ীরাই বলছেন, ফাস্ট ফ্ল্যাশ ও সেকেন্ড ফ্ল্যাশ উভয় ক্ষেত্রেই উৎপাদন কম।এ বছর উত্তরে তেমন ফাস্ট ফ্ল্যাশ দেখা যায়নি।সেকেন্ড ফ্ল্যাশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রার ৪০% কম উৎপাদন হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, চা চাষের জন্য ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল। ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। কিন্তু উত্তরের চা-বাগান এলাকায় বর্তমানে তাপমাত্রা প্রায়শই ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রয়োজনীয় পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না।

প্রভাব পড়ছে সরাসরি উত্তরের এই চা শিল্পে। চা গাছে নানা সমস্যা দেখা দিচ্ছে। ক্ষুদ্র, মাঝারি ও বড় চা চাষি সকলেই প্রবল ক্ষতির সম্মুখীন। চা-শিল্পপতিরা মনে করছেন, এত গরম আগে কখনই দেখা যায় নি ।ভবিষ্যতেও যদি এমন গরম থাকে তাহলে বিশ্ববাসী আর উপভোগ করতে পারবেন না উত্তরবঙ্গের চায়ের স্বাদ।অন্যদিকে ভূগোল মঞ্চের সদস্যরা আবহাওয়ার পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও বিপর্যয়কর  পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন।পরিবেশের উপর অত্যাচার বন্ধ না করলে এর চেয়েও ভয়ানক পরিণতির সম্মুখীন হতে হবে মানবজাতিকে,তাঁরা সতর্ক করছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই উত্তরের চা-বাগানে দেখা দিচ্ছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে উত্তরের বিখ্যাত চা শিল্পের ভবিষ্যৎ সময় বড় প্রশ্নের মুখে পড়তে পারার আশঙ্কায়।

আরও পড়ুন ধর্মীয় স্থানের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে অতন্দ্র প্রহরায় দুই সম্প্রদায়ের মানুষ, সম্প্রীতির সুবাতাস বইছে ধূপগুড়িতে

 

About Post Author