সময় কলকাতা ডেস্ক, ২৭ মে: রবিবার মাঝরাতেই প্রবল গতিতে আছড়ে পড়েছে সাইক্লোন ‘রিমেল’। রবিবার সকাল থেকেই সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, সাইক্লোন রিমেলের জেরে সপ্তাহের প্রথম দিনই ব্যাহত মেট্রো পরিষেবা। ভারী বৃষ্টির কারণে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ট্র্যাকে জল জমে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকেই দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনগুলির মধ্যে মেট্রো চালানো হচ্ছে।
মেট্রো পরিষেবা স্বাভাবিক করার জন্য ট্রাকগুলি থেকে জল সরানোর কাজ চলছে। অন্যদিকে, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। এদিকে, ভারী বৃষ্টির কারণে সোমবার শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদার সাউথ লাইন এবং কড লাইনে সকাল ৯টা পর্যন্ত বহু ট্রেন বাতিল হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেন গুলি বন্ধ থাকবে। পাশাপাশি গাছ পড়ার কারণে শহরে ট্রাফিকের অসুবিধা হচ্ছে। সকাল থেকেই চরম বিপাকে পড়েছেন অফিসযাত্রীরা।
প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল। প্রায় ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয় সমুদ্রে। সমুদ্রের পাশাপাশি নদীতে ও তৈরি হয় প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইছে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত নটা নাগাদ বঙ্গোপসাগরের সীমা ছাড়িয়া উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। যার কারণে সোমবার সকাল থেকেই অতিভারী বৃষ্টি শুরু হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে, বাংলাদেশের ১৫ জেলাতে জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ‘রেমাল’-এর প্রভাবে শুধু ঘূর্ণিঝড় নয়, প্রবল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন কলকাতাতে। ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি