Home » Bhangar: শেষ দফার ভোটের আগেই ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে জখম শিশু-সহ ৭ জন

Bhangar: শেষ দফার ভোটের আগেই ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে জখম শিশু-সহ ৭ জন

সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার নির্বাচন। বাংলার নয়টি কেন্দ্রে ভোট রয়েছে এই দফায়। ভোট রয়েছে স্পর্শকাতর এলাকা ভাঙড়েও। আর শেষ দফার ভোটের আগেই বৃহস্পতিবার রাত থেকে ফের উত্তপ্ত ভাঙড়। এদিন রাতে ভাঙড়ের ভোগালিতে তৃণমূল-আইএসএফের সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজিতে জখম এক শিশু-সহ ৭ জন। আহতদের মধ্যে চার জন গুরুতর আহত হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। অন্যান্যরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন    সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার : মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কি আরও একবার?

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের ভোগালিতে তৃণমূল-আইএসএফের সংঘর্ষ শুরু হয়। সময় যত পেরোতে থাকে, ততই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এরপর সংঘর্ষ চলাকালীনই ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজিতে জখম হয় এক শিশু-সহ ৭ জন। তৃণমূলের অভিযোগ, রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে অতর্কিতে বোমা মেরেছে আইএসএফ। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে পাল্টা বোমাবাজির অভিযোগ তুলেছে আইএসএফ। এদিকে, বোমাবাজির এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। অন্যান্যরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এদিন রাতেই আহতদের দেখতে স্থানীয় হাসপাতালে যান সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস। রাতে আহতদের দেখতে SSKM হাসপাতালে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে অ্যাকশন টোকেন রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যেই এই ঘটনায় আইএসএফ-কে তোপ দেগে সায়নী ঘোষ বলেন, ‘ওদের পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে বুঝেই এই হামলা।’ গোটা ঘটনায় ‘ষড়যন্ত্র’ দেখছেন তিনি।

#Trinamool-ISFclashinBhangar

#Latestbengalinews

#ShaukatMolla

#SayaniGhosh

About Post Author