সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ লোকসভা ভোট মিটতে না মিটতেই রবিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তকে বদলি করা হয়েছে। সোমবারই এই জেলার নতুন জেলাশাসকের নাম ঘোষণা করল নবান্ন। স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এমডি পূর্ণেন্দু কুমার মাঝিকে এবার পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক নিযুক্ত করা হল। ইতিমধ্যেই নবান্ন একটি বিজ্ঞপ্তি দিয়ে নতুন জেলাশাসকের নাম ঘোষণা করেছে।
নির্বাচন চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। জয়শ্রী দাসগুপ্তকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের।
জয়শ্রী দাসগুপ্ত লোকসভা নির্বাচন চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও ছিলেন। এই জেলায় কাঁথি ও তমলুক কেন্দ্রে লোকসভা নির্বাচন সংগঠিত হয়। যদিও, এই দুটি কেন্দ্রে শেষে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। এই দুটি কেন্দ্রের পোলিং অবজারভার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে বিজেপি এই কেন্দ্রে পোলিং অবজারভার পাঠিয়েছিল বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি শুরু হতেই নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক জেলায় প্রশাসনিক কর্তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। একাধিক জেলার এসপি, ওসি বদলের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। পুরুলিয়ার জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজ কুণ্ডুকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।
#DistrictMagistrateofEastMedinipur
#Latestbengalinews
#জয়শ্রীদাশগুপ্ত
#পূর্ণেন্দুকুমারমাঝি
#PurnenduKumarMajhi


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?