সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের দামাম। আগামী ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এবার উপনির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, বাগদা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর। জানা গিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট হবে। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী ৪৬,৭৩৯ ভোটে হারেন। মুকুটমণি হারেন ৩৬,৯৩৬ ভোটে। অর্থাৎ রায়গঞ্জ এবং রানাঘাট দুটি লোকসভায় তৃণমূল হারে। তারপরও বিধানসভা উপনির্বাচনে এই দুই প্রার্থীর ওপরেই আস্থা রেখেছে তৃণমূল। এদিকে, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস দলবদল করে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন। সে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই বিধায়কশূন্য বাগদাতেও আগামী ১০ জুলাই ভোটাভুটি। বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থীই হলেন মধুপর্ণা ঠাকুর। সম্পর্কে তিনি কপিল কৃষ্ণ ঠাকুর ও মমতা বালা ঠাকুরের কন্যা।
অন্যদিকে, মানিকতলায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির ওপরই ভরসা রেখেছে তৃণমূল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সেই থেকে মানিকতলা কেন্দ্রটি বিধায়ক শূন্য। ১৯৫১ সালের আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্য থাকলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে। তবে মানিকতলার ক্ষেত্রে তা হয়নি। এর পেছনে রয়েছে আইনি জটিলতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। নির্বাচনের পরপরই তিনি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি চলাকালীন মুলতুবির দাবি করেন তাঁর আইনজীবী। এরপর বিষয়টি শীর্ষ আদালতে গেলে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে। চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হল, সেখানে মানিকতলায় কেন ভোট নেওয়া হচ্ছে না? এসব প্রশ্ন তোলে বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। কমিশন ও মামলাকারীদের তরফে হলফনামা চায় শীর্ষ আদালত। এরপর দুমাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলাকারীর আবেদন ছিল, ৩০ জুনের মধ্যে উপনির্বাচন হলে ভালো হয়। সেইমত কমিশন সুপ্রিম কোর্টে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেয়।
# WestBengalBy-Election2024
#latestbengalinews
#মুকুটমণিঅধিকারী
#কৃষ্ণকল্যাণী
#মধুপর্ণাঠাকুর
#সুপ্তিপাণ্ডে


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি