Home » Ananta Maharaj: মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়ি গেলেন মমতা, তুঙ্গে জল্পনা

Ananta Maharaj: মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়ি গেলেন মমতা, তুঙ্গে জল্পনা

সময় কলকাতা ডেস্ক: ১৮ জুনঃ সোমবার সকালে রাঙাপানি এবং নীচবাড়ি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার খবর পেয়ে এদিন বিকেলেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর দুর্ঘটনাস্থল ঘুরে তিনি রাতে পৌঁছে যান কোচবিহারে। লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরও কোন বৈঠক করতে কোচবিহারে এসেছেন মমতা তা নিয়ে সোমবার রাত থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, কোচবিহারে একটি বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। যদিও রাতেই কানাঘুষো শোনা যায়, অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।

আরও পড়ুন   কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাঃ মৃত অন্তত ১৫, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা,কেন এই দুর্ঘটনা? চমকে ওঠার মত তথ্য!

মঙ্গলবার সকালে সেই জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত মহারাজ নিজেই জানান, মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাঁর বাড়িতে। তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয়। সেই মত মঙ্গলবার বেলা ১২টার একটু আগে কোচবিহারের মদনমোদন মন্দিরে পুজো দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। এরপর পুজো সেরে সেখান থেকে তিনি রওনা দেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীকে সেখানে পৌঁছতেই রাজবংশী উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান অনন্ত মহারাজ।

প্রসঙ্গত, ভোটের ফলপ্রকাশের কয়েক দিনের মধ্যে এই প্রথম কোচবিহারে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে উত্তরবঙ্গে নিশীথ অধিকারীকে হারিয়ে কোচবিহারে জিতেছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। কোচবিহারে নিশীথের সমর্থনে প্রচারে অনন্ত মহারাজকে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, মুখ্যমন্ত্রীর আগমনে বেশ খুশি অনন্ত মহারাজ। যদিও মমতার এভাবে আচমকা আসার কারণ তিনি জানেন না বলেই দাবি করেছেন।

#মমতাবন্দ্যোপাধ্যায়

#অনন্তমহারাজ

#AnantaMaharaj

#Madanmohantemple

About Post Author